Bangladesh · 2026-11-29 17:00:00

টেকসই অবকাঠামো নির্মাণের অংশীদার হতে চাই

টেকসই অবকাঠামো নির্মাণের অংশীদার হতে চাই
দেশের নির্মাণসামগ্রী শিল্প এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে। এই প্রতিকূল সময়েও উৎপাদন–দক্ষতা ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে আগামী দিনের সম্ভাবনা খুঁজছে আকিজ বিল্ডিং সলিউশনস ক্লাস্টার। এ খাতের বর্তমান সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আসাদুল হক সুফিয়ানী। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক
বর্তমান বিরূপ পরিস্থিতিতে নির্মাণসামগ্রী শিল্প কী ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে?
আসাদুল হক সুফিয়ানী: আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের অস্থিরতা এবং জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচে বড় চাপ তৈরি হয়েছে। অথচ চাহিদা কমে যাওয়ায় পণ্যের দাম সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে। এখন মূল চ্যালেঞ্জ হলো উৎপাদন সক্ষমতার সঠিক ব্যবহার ও নগদ অর্থের প্রবাহ সচল রাখা। এ অবস্থায় শুধু খরচ না কমিয়ে উৎপাদন–দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
অর্থনৈতিক ও প্রকল্পে ধীরগতি আপনাদের কার্যক্রমে কেমন প্রভাব ফেলছে?
আসাদুল হক সুফিয়ানী: সরকারি ও বেসরকারি নির্মাণকাজে ধীরগতির কারণে চাহিদা সরাসরি কমেছে। ফলে কারখানার স্থায়ী ব্যয় ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আমরা এখন বাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী উৎপাদন পরিকল্পনা ও সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়াচ্ছি। বিপণনেও কেবল বিক্রয়ের বদলে গ্রাহকের আস্থা অর্জন ও দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরিকে অগ্রাধিকার দিচ্ছি।
ক্লিংকারের উচ্চ মূল্য ও ঘাটতি মোকাবিলায় আকিজ সিমেন্টের কৌশল কী?
আসাদুল হক সুফিয়ানী: আমাদের কৌশল হলো মান অক্ষুণ্ন রেখে পরিচালন–দক্ষতা ও জ্বালানি সাশ্রয় বাড়ানো। আকিজ সিমেন্টের বড় স্বাতন্ত্র্য হলো ফ্লাই অ্যাশের বদলে প্রক্রিয়াজাত আয়রন স্ল্যাগের ব্যবহার, যা কংক্রিটের ঘনত্ব বাড়ায় এবং রডের ক্ষয় রোধ করে। আমরা সস্তা দামের প্রতিযোগিতায় না গিয়ে স্থাপনার দীর্ঘমেয়াদি স্থায়িত্বের মাধ্যমে গ্রাহকের বিনিয়োগের প্রকৃত মূল্য নিশ্চিত করতে চাই।
সিমেন্টের পরিবেশবান্ধব নির্মাণে আপনারা কী ধরনের প্রযুক্তি যুক্ত করছেন?
আসাদুল হক সুফিয়ানী: ইস্পাতশিল্পের উপজাত ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ ব্যবহারের ফলে ক্লিংকারের ওপর নির্ভরতা ও কার্বন নিঃসরণ কমে। পাশাপাশি কংক্রিটের দীর্ঘমেয়াদি শক্তি বাড়ে। আমাদের গবেষণার মূল লক্ষ্য জ্বালানির দক্ষতা ও কংক্রিটের স্থায়িত্ব বাড়ানো। একটি স্থাপনা যত দীর্ঘস্থায়ী হবে, পুনর্নির্মাণ ও বাড়তি সম্পদ ব্যবহারের প্রয়োজন তত কমবে—এটিই প্রকৃত পরিবেশবান্ধবতা।
মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে?
আসাদুল হক সুফিয়ানী: এটি নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। কারণ, ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমেছে। তবে নির্মাণসামগ্রীর মানের সঙ্গে মানুষের জীবন ও নিরাপত্তার প্রশ্ন জড়িত, তাই এখানে আপসের সুযোগ নেই।
এই সংকট কাটিয়ে শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য কী ধরনের নীতিগত উদ্যোগ জরুরি?
আসাদুল হক সুফিয়ানী: এই খাতের পুনরুদ্ধারের যে চারটি পদক্ষেপ জরুরি— সরকারি অবকাঠামো প্রকল্পগুলো গতিশীল করা এবং ঠিকাদারদের বকেয়া বিল দ্রুত পরিশোধ করা। কাঁচামাল আমদানিতে ডলারের প্রাপ্যতা, যৌক্তিক শুল্ক–কর কাঠামো এবং নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা। দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য নীতিমালা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করা। মান নিয়ন্ত্রণ জোরদার করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগে নীতিগত প্রণোদনা দেওয়া।
নির্মাণ খাতের ব্যবসা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?
আসাদুল হক সুফিয়ানী: আমরা বাংলাদেশের আগামী দিনের নিরাপদ, আধুনিক ও টেকসই অবকাঠামো নির্মাণের অংশীদার হতে চাই। নগরায়ণ ও অবকাঠামো উন্নয়নের কারণে এ খাতের দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে আমরা আশাবাদী। ভবিষ্যতে নতুন পণ্য, ডিজিটাল প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ নির্মাণ সমাধানের ব্যবস্থা গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা ও জ্ঞান বিনিময়ের সেতুবন্ধ তৈরি করা হচ্ছে।

Source - www.prothomalo.com ↗