Bangladesh · 2026-11-29 17:00:00

আব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতি

আব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতি
১৯৯৯ সালের ৩ ডিসেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে এ লেখাটি প্রকাশিত হয়েছিল। এত দিন শুধু ছাপা কাগজে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।
একটা শেষ না করা বই, দু–দশটি চিঠি, কয়েকটা ছুটির দরখাস্ত, সুপারিশনামা, কিছু আরজি, একটা বক্তৃতা আর অনুমান আধা ডজন ইন্টারভিউ—এসব যদি হিসাব না করি (আপনারা যে যা জানেন, তা–ও বাদ দিতে যদি না ভোলেন) তো আব্দুর রাজ্জাক কিছু লেখা করেন নাই। পড়া অবশ্য হুন্দর হন্দর করেছেন। সক্রেটিস—প্রবাদ আছে—বলেছেন, মরা এমন কোনো ঘটনা নয়—এই এখান থেকে ওখানে যাওয়া। স্যার আব্দুর রাজ্জাক মারা গেছেন। লেখার পেছনে যিনি (আদ্ধেক জীবন নষ্ট করা দূরে থাক) দুআনা জীবনও বাজি ধরেন নাই, এখন তাঁর বিষয়ে কী লেখন যায়?
আব্দুর রাজ্জাকআমার আর এক সমস্যা। কোটেশন না দিয়া লিখতে পারি না। ‘রাজ্জাক রচনাবলী’র অবর্তমানে আমার মেজবান জাতির লেখক আর্নেস্ট হেমিংওয়ের কোটেশন লিখলাম, বিকল্পে শিরোনামায়। ইংরেজি ১৯২৪ সনে জোসেফ কনরাডের ইন্তেকাল উপলক্ষে নবীন হেমিংওয়ে লেখেন, ‘সকলেই বলেন কনরাড বাজে লেখক, সকলে এ–ও বলেন, টি এস এলিয়ট চোখা লেখক। যদি জানতাম হজরত এলিয়টাকে একটা মাংসপেষা কলে পিষে গুঁড়া ছিটালে কনরাড চোখ কচলাতে কচলাতে উঠেই আবার কলম ধরবেন, তো আমি কালই আকাশ ফরসা হলে একটা মাংসপেষার কল হাতে লন্ডন রওনা দিতাম।’ পরক্ষণেই হেমিংওয়ে লেখেন, এ তুলনা বৃথা, শুধু হাসির খোরাক। আব্দুর রাজ্জাক কিছুই লেখেন নাই, কিন্তু আপনারা যা–ই বলুন আমি এক ডজন বা দুই গ্রোস ভালো লেখকের সাথে একজন অলেখক আব্দুর রাজ্জাকের বদলা নিতে রাজি হব না। জানি এ তুলনাটাও হাসির খোরাক বৈ নয়।
এখন আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর আব্দুর রাজ্জাক প্রায় সমার্থ শব্দ। আব্দুর রাজ্জাকের জাদুটা কোথায়—আমি ভাবি। আমেরিকায় আসার আগে আমার কিছু পথখরচা কম পড়ে। টাকাটা উনি দিয়েছিলেন। আমাকে চাইতে হয়নি। মাস্টার হিসেবে আব্দুর রাজ্জাক সক্রেটিসের মতো ছিলেন বললে কোনো কিছু বাড়িয়ে বলা হয় না। উনি প্রথমে ছাত্রদের বলতে দিতেন, তারপর নিজে যা বলার বলতেন। এই গুণের অধিকারী আর দ্বিতীয় শিক্ষকটির দেখা আমি পাইনি। রুমি দার্শনিক কিকেরো লিখেছেন—যাঁরা শেখাতে বসেন, তাঁদের বিদ্যাটা যারা শিখতে এসেছে, তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়।স্যার আব্দুর রাজ্জাকের সাথে আমার পরিচয় হওয়ার কথা ছিল না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাখেল হই, তত দিনে উনি আর পড়ান না। ১৯৭৬-৭৭ সালের শীতকালে আমার নব্য গুরু আহমদ ছফা আমাকে স্যার আব্দুর রাজ্জাকের বাড়ি নিয়া যান। সকালবেলার সেই লাল বাড়ির সামনে তিনি বললেন, আগে তো খাইবেন, তারপর না কথা। দোতলায় ভুনা পশুর মাংস আর ঢাকার মশহুর বাকরখানির পর বললেন, কী পড়তে আইছেন—আইন? ‘এইটা পইড়া দেখেন, তারপর কথা কওন যাইব’ বলে যে পুঁথি ধরিয়ে দিলেন, তার ইংরেজি নাম তরজমায় দাঁড়ায়—ইসলামি ফিকহশাস্ত্রের গোড়ার কথা—লেখক জোসেফ স্কাফট, সাকিন কলম্বিয়া ইউনিভার্সিটি, আমেরিকা। তিন মাস আর আমার ভাগ্য হয় নাই। বাকরখানিতে ভাগ বসাবার। আহমদ ছফা স্যারকে কী বলেছিলেন জানি না, নইলে আমাকে এমন নাজেহাল করবেন কেন উনি! এই পুঁথি বোঝার মতন ইংরেজি জ্ঞান আমার হয় নাই তখন।
আব্দুর রাজ্জাকবইটি ফেরত দিতে যাই একদিন। উনি আরেকটা বই দেন—এটা মোটা। ‘সিয়াঁরে মুতাখখারিন’-এর ইংরেজি তরজমা। ফারসিটা শিখকা লন—উনি বললেন। আমি ফারসি জানি না তাই দয়া করে ইংরেজিটা উনি পড়তে দিয়েছেন। এই ভাব তাঁর মুখে। আর একদিন আমার আমেরিকা আসার কিছু আগে উনি আমাকে নিউমার্কেট থেকে ইনডেকস কার্ড কিনে আনতে বলেছিলেন, নোট নেওয়ার কায়দা শেখাতে। আমার ফারসিও হয় নাই, নোট নেওয়াও রপ্ত হয় নাই। সে অন্য।
এখন আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর আব্দুর রাজ্জাক প্রায় সমার্থ শব্দ। আব্দুর রাজ্জাকের জাদুটা কোথায়—আমি ভাবি। আমেরিকায় আসার আগে আমার কিছু পথখরচা কম পড়ে। টাকাটা উনি দিয়েছিলেন। আমাকে চাইতে হয় নাই। মাস্টার হিসেবে আব্দুর রাজ্জাক সক্রেটিসের মতো ছিলেন বললে কোনো কিছু বাড়িয়ে বলা হয় না। উনি প্রথমে ছাত্রদের বলতে দিতেন, তারপর নিজে যা বলার বলতেন। এই গুণের অধিকারী আর দ্বিতীয় শিক্ষকটির দেখা আমি পাই নাই। রুমি দার্শনিক কিকেরো লিখেছেন, যাঁরা শেখাতে বসেন তাঁদের বিদ্যাটা যারা শিখতে এসেছে, তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। তরজমা ঠিক হলো কিনা জানি না—ইংরেজি তরজমাটা সহজতর—দি অথরিটি অব দোজ হু টিচ ইজ অফেন অ্যান অবস্ট্যাকল টু দোজ হু ওয়ান্ট টু লার্ন। আব্দুর রাজ্জাকের বিদ্যা আমার শেখার পথে কোনো বাধা হয় নাই। আমি টের পাই নাই আমি একজন বিদ্বানের সাথে আছি। স্যার আব্দুর রাজ্জাকের জাদু এইটাই।
আব্দুর রাজ্জাকমুনিদেরও মতিভ্রম হয়। ইতরবিশেষ প্রভেদ মুনি করেন না। আমার মনে হয় আব্দুর রাজ্জাকের প্রশ্রয় পাওয়ার অন্য কোনো কারণের আমি অধীন হই না। ১৯৮০ ইংরেজিতে উনি যে ইংরেজি বক্তৃতা করেন, আমি তার বাংলা সমালোচনা লিখি। তাঁর বিশেষ ছাত্রদের মতন তিনি রাগ করেন নাই। আমাকে উল্টো বলেছিলেন, ‘বাংলা লেখাটা ছাইড়েন না। বাংলা আপনি বালাই লেখেন।’ স্যার আব্দুর রাজ্জাকের এই আদেশটা আমি অমান্য করি নাই। বাংলা গদ্যে আমার হাতেখড়ি হয়েছিল সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসুর ভাঙা টুকরা দিয়া। আব্দুর রাজ্জাক আমাকে বলেন, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর পড়তে।
নিউইয়র্ক, নভেম্বর ১৯৯৯
(কিঞ্চিৎ পরিমার্জিত)

Source - www.prothomalo.com ↗