Bangladesh · 2026-11-29 16:51:38

এফডিআর ভেঙে চলছে দক্ষিণ সিটি, আরও বাড়তে পারে নাগরিক দুর্ভোগ

এফডিআর ভেঙে চলছে দক্ষিণ সিটি, আরও বাড়তে পারে নাগরিক দুর্ভোগ
সড়ক মেরামত, নালা পরিষ্কার, বর্জ্য অপসারণ কিংবা মশকনিধন—বাসিন্দাদের দৈনন্দিন জীবনের এসব সেবা দিতে হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে। অথচ ব্যয় মেটাতে সংস্থাটিকে এখন সঞ্চয় ভাঙতে হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ১ হাজার ৮৭ কোটি টাকার স্থায়ী আমানত বা এফডিআর ভাঙানো হয়েছে। সাধারণ তহবিলে এখন আর কোনো স্থায়ী আমানত নেই।
একদিকে পুরোনো উন্নয়নকাজের বিল পরিশোধের চাপ, অন্যদিকে রাজস্ব আদায়ে ধাক্কা—দুইয়ে মিলে অর্থসংকটে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নতুন ওয়ার্ডগুলোয় প্রয়োজনীয় রাস্তা ও নালা নির্মাণ এখনো বাকি। জলাবদ্ধতা নিরসনেও কাজ প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে এসব কাজ এগিয়ে নিতে প্রতিবন্ধকতার মুখে পড়ার কথা জানিয়েছে সংস্থাটি।
আবদুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনঅর্থসংকটের কারণে বিভিন্ন কাজে প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। নতুন ওয়ার্ডের রাস্তা, নালা ও নর্দমা নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে। তবে সংকটের এ সময়ে সরকারের বিশেষ সহযোগিতা না পেলে সংস্থাটি আরও বড় সমস্যায় পড়বে।করপোরেশনের হিসাব অনুযায়ী, বর্তমানে ২২২ কিলোমিটার রাস্তা ও ৩৭ কিলোমিটার ফুটপাত মেরামত বা সংস্কার প্রয়োজন। এতে খরচ হবে প্রায় ২ হাজার কোটি টাকা। বর্তমানে তহবিলে আছে প্রায় ২৯৩ কোটি টাকা। কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক খরচই মাসে ২৫ কোটি টাকা। এর বাইরে রয়েছে নিয়মিত সেবা কার্যক্রম ও উন্নয়নকাজের ব্যয়। বিভিন্ন তহবিলে আরও প্রায় ৭৮৪ কোটি টাকার এফডিআর থাকলেও তার পুরোটা অবাধে খরচ করার নয়। সেখানে জামানত, কর্মীদের ভবিষ্য তহবিল ও নির্দিষ্ট কাজের জন্য জমা রাখা টাকা রয়েছে।
কেন সঞ্চয় ভেঙে চলতে হচ্ছে, তা জানতে করপোরেশনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে কয়েকটি কারণ পাওয়া গেছে। তাঁদের ভাষ্য, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সময়ে আয়ের সক্ষমতার তুলনায় বেশি কাজের দায় তৈরি করা, সরকার পরিবর্তনের পর সেসব কাজ যথাযথভাবে পর্যালোচনা না করা এবং আটকে থাকা বিল ছাড় করার কারণে তহবিলে চাপ বেড়েছে। সঙ্গে যুক্ত হয়েছে প্রশাসনিক অস্থিরতা ও রাজস্ব আদায় কমে যাওয়ার প্রভাব।
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, অর্থসংকটের কারণে বিভিন্ন কাজে প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। নতুন ওয়ার্ডের রাস্তা, নালা ও নর্দমা নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে। তবে সংকটের এই সময়ে সরকারের বিশেষ সহযোগিতা না পেলে সংস্থাটি আরও বড় সমস্যায় পড়বে।
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে লাগবে বাড়তি চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায়সঞ্চয় কমলে চাপ পড়ে সেবায়

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসিটি করপোরেশনের কাজের মধ্যে বর্জ্য অপসারণ, মশকনিধন কিংবা নালা পরিষ্কারের মতো কাজগুলো নিয়মিত চালাতে হয়। পাশাপাশি ভাঙা সড়ক মেরামত ও পানিনিষ্কাশনের ব্যবস্থা সচল রাখতে হয়। এসব কাজে অর্থের সংকট তৈরি হলে তার প্রভাব পড়ে সরাসরি বাসিন্দাদের ওপর।
অন্যদিকে নতুন রাস্তা ও নালা নির্মাণের মতো কাজ পিছিয়ে গেলে যেসব এলাকার মানুষ আগে থেকেই অবকাঠামোর ঘাটতিতে আছেন, তাঁদের অপেক্ষা আরও বাড়ে। দক্ষিণ সিটির প্রশাসকের বক্তব্যেও নতুন ওয়ার্ডগুলোর অপূর্ণতার বিষয়টি উঠে এসেছে।
করপোরেশনের দেওয়া তহবিলের বিবরণীতে দেখা যায়, সাধারণ তহবিলের এফডিআরের পরিমাণ শূন্য। অবশিষ্ট স্থায়ী আমানতের মধ্যে জামানত তহবিলের অর্থ ৩১৭ কোটি, অগ্রিম বাজার সালামি ১৫৯ কোটি, রাস্তা খনন তহবিলের ১৪৭ কোটি ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ ১৪৪ কোটি। আরও কয়েকটি নির্দিষ্ট খাতের অর্থও রয়েছে।
অর্থাৎ ব্যাংকে স্থায়ী আমানত থাকলেও তার সঙ্গে ফেরত দেওয়া বা নির্দিষ্ট কাজে ব্যবহারের দায় যুক্ত রয়েছে। ফলে এই অর্থের পুরোটা দিয়ে নিয়মিত ব্যয় কিংবা নতুন উন্নয়নকাজ চালানোর সুযোগ নেই বলে ধরে নেওয়া যায়। বর্তমানে তহবিলে থাকা ২৯৩ কোটি টাকার কতটা দায়মুক্ত, তার বিস্তারিত জানা যায়নি।
পুরোনো কাজের দায়, পর্যালোচনায় ঘাটতি

করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, তাপসের সময়ে জলাবদ্ধতা নিরসন, সড়ক প্রশস্তকরণসহ বিভিন্ন কাজ দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করা হয়নি। কিছু ক্ষেত্রে নাগরিক প্রয়োজনের চেয়ে দলীয় নেতা ও ঘনিষ্ঠ ঠিকাদারদের সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছিল। এতে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজেও আর্থিক দায় তৈরি হয়।
কর্মকর্তারা বলছেন, সরকার পরিবর্তনের পর এসব কাজের প্রয়োজনীয়তা, অগ্রগতি ও বকেয়া বিল পর্যালোচনার সুযোগ ছিল। কোন কাজ জরুরি, কোনটি স্থগিত রাখা যায় এবং কোনটির চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব—এসব বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া যেত। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কার্যকর উদ্যোগ নেননি।
অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন প্রকৌশলী প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে দলীয় নেতাদের সুবিধা দিতে শত শত কোটি টাকার কাজ দেওয়া হয়েছিল। এসব কাজের বিল মেটাতে গিয়ে তহবিল কমেছে। তাঁর মতে, তৎকালীন প্রশাসকেরা শক্ত অবস্থান নিলে অপ্রয়োজনীয় কাজ পর্যালোচনা করে অর্থ সাশ্রয়ের সুযোগ ছিল।
কয়েক কর্মকর্তা আরও বলেন, কাজের অসংগতির কারণে আগে আটকে থাকা কয়েক শ কোটি টাকার বিলও পরে ছাড় করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।
গুরুত্বপূর্ণ পদে দুই প্রশাসক, মেয়র
পদে সংকেত দেখছেন অনেকেরাজস্বে ধাক্কা যে সময়ে

দক্ষিণ সিটির রাজস্ব আদায় কয়েক বছর ধরে বাড়ছিল। ২০১৯-২০ অর্থবছরে আদায় ছিল প্রায় ৫১৪ কোটি টাকা। চার বছরের ব্যবধানে তা দ্বিগুণের বেশি হয়ে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১ হাজার ৬২ কোটি টাকায় পৌঁছায়। কিন্তু পরের অর্থবছরে আদায় প্রায় ৭৯১ কোটি টাকায় নেমে আসে। এক বছরেই কমে প্রায় ২৭০ কোটি টাকা। এই ধাক্কা আসে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক অস্থিরতার মধ্যে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, একাধিক প্রশাসক দায়িত্ব পালন করলেও পরিবর্তিত পরিস্থিতিতে রাজস্ব আদায় ও কার্যক্রমে প্রয়োজনীয় গতি ফেরেনি।
এর মধ্যে ২০২৫ সালের মে-জুনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তাঁর সমর্থকদের আন্দোলনে নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম বন্ধ থাকে। অর্থবছরের শেষের ওই সময় রাজস্ব আদায়ের জন্য গুরুত্বপূর্ণ। তখন ট্রেড লাইসেন্স দেওয়া, নবায়নসহ বিভিন্ন সেবা ও রাজস্ব আদায় ব্যাহত হয়। ওই বছরের বাজেট ঘোষণার সময় তৎকালীন প্রশাসক মো. শাহজাহান মিয়াও রাজস্ব কমার কারণ হিসেবে দীর্ঘ সময় নগর ভবনে তালা থাকার কথা বলেছিলেন। তবে রাজস্বঘাটতির কতটা আন্দোলনের কারণে ও কতটা অন্য প্রশাসনিক দুর্বলতায় হয়েছে, তার পৃথক হিসাব পাওয়া যায়নি।
কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, পুরোনো কাজের বিলের চাপের মধ্যে রাজস্ব কমে যাওয়ায় সংকট আরও বেড়েছে। নিয়মিত আয় দিয়ে ব্যয় সামলাতে না পারার ঘাটতি পূরণ করতে হয়েছে স্থায়ী আমানত ভেঙে।
বাজেটের অঙ্কে মেলে না সক্ষমতার চিত্র

দক্ষিণ সিটির কয়েক বছরের বাজেটে বড় ঘোষণা ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান দেখা যায়। টানা কয়েক বছর সাড়ে ছয় হাজার কোটি টাকার বেশি বাজেট ঘোষণা করা হলেও ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ এই তিন অর্থবছরে বাস্তবায়ন গড়ে প্রায় এক-তৃতীয়াংশে আটকে ছিল। পরে বাজেটের আকার কমানো হয়।
তবে মোট বাজেটের পুরো অর্থ করপোরেশনের নিজস্ব আয় নয়। এর উল্লেখযোগ্য অংশ সরকারি বরাদ্দ ও বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল। তাই শুধু বাজেটের আকারের সঙ্গে রাজস্ব আদায় তুলনা করে অতিরিক্ত কাজ দেওয়ার সিদ্ধান্তে পৌঁছানো যায় না। কোন কাজ নিজস্ব অর্থে ও কোনটি প্রকল্পের অর্থে হওয়ার কথা ছিল, তা আলাদা করে দেখা প্রয়োজন।
বাজেটে অর্থপ্রাপ্তি হিসেবে দেখানো সব টাকাও নিয়মিত উপার্জন নয়। চলতি অর্থবছরের বাজেটে জামানতসহ দায় বাড়ে—এমন খাত থেকে ৪০০ কোটি টাকা পাওয়ার লক্ষ্য ধরা হয়েছে। এসব অর্থ কর বা সেবার ফি থেকে অর্জিত আয়ের মতো নয়। ফলে বাজেটের বড় অঙ্কের আড়ালে ব্যয় করার মতো নিজস্ব অর্থের ঘাটতি থেকে যেতে পারে।
অর্থ ব্যবস্থাপনা নিয়ে পুরোনো প্রশ্ন

দক্ষিণ সিটির টাকা কোথায় রাখা হচ্ছে এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। ‘ঢাকা দক্ষিণ সিটির টাকা “তাপসের ব্যাংকে”শীর্ষক প্রথম আলোর প্রতিবেদনে উঠে আসে, সে সময় স্থায়ী আমানত ও প্রকল্পের অর্থ মিলিয়ে মধুমতি ব্যাংকে সংস্থাটির প্রায় ৯৬৬ কোটি টাকা ছিল। ব্যাংকটির উদ্যোক্তাদের একজন তাপস। প্রতিবেদনে ঠিকাদারদের বিল ও জামানত আটকে রাখা এবং দোকান বরাদ্দের জন্য নেওয়া অর্থ দীর্ঘদিন জমিয়ে রাখার কথাও ছিল। ব্যাংকে অর্থ রাখার বিষয়ে ২০২১ সালে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তাপস পরিচালক হিসেবে প্রভাব খাটানোর সুযোগ থাকার বিষয়টি অস্বীকার করেছিলেন।
এখন সংস্থাটির সামনে পুরোনো কাজের দায় মেটানোর পাশাপাশি প্রতিদিনের সেবা সচল রাখা এবং পিছিয়ে থাকা এলাকার অবকাঠামো নির্মাণের চাপ। সাধারণ তহবিলের স্থায়ী আমানত শেষ হওয়ায় এই চাপ সামলাতে নিয়মিত আয় ও সরকারি সহায়তার গুরুত্ব আরও বেড়েছে।
প্রশাসক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, নতুন ওয়ার্ডগুলোয় এখনো পর্যাপ্ত রাস্তা, নালা ও নর্দমা তৈরি করা যায়নি। এসব কাজের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনেও অর্থ প্রয়োজন। রাজস্ব বাড়ানোর চেষ্টার পাশাপাশি সংকট কাটিয়ে প্রয়োজনীয় কাজ এগিয়ে নিতে সরকারের সহযোগিতা চান তিনি। সরকার বিশেষভাবে নজর না দিলে সেবা কার্যক্রম ব্যাহত হবে বলেও মন্তব্য করেন আবদুস সালাম।

Source - www.prothomalo.com ↗