Bangladesh · 2026-11-29 18:47:15

কম্পিউটারে জিটিএ–৬ খেলতে কী কী লাগবে

কম্পিউটারে জিটিএ–৬ খেলতে কী কী লাগবে
ভিডিও গেমপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এসের জন্য মুক্তি পেয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো–৬’ (জিটিএ–৬) গেম। তবে পারসোনাল কম্পিউটার বা পিসিতে গেমটি খেলার সুযোগ কবে মিলবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। এরই মধ্যে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গেমবিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে পিসির জন্য গেমটির সংস্করণ প্রকাশ করা হতে পারে। ফলে পিসিতে জিটিএ–৬ খেলার অপেক্ষায় থাকা গেমাররা এখন থেকেই নিজেদের কম্পিউটারের সক্ষমতা যাচাই করে নিতে পারেন।
পিসিতে জিটিএ–৬ চালানোর জন্য কী ধরনের প্রসেসর, গ্রাফিকস কার্ড ও র‍্যাম প্রয়োজন হবে, তা এখনো জানা যায়নি। তবে গেমটির প্রযুক্তিগত কাঠামোর সঙ্গে রকস্টারের আরেক জনপ্রিয় গেম ‘রেড ডেড রিডেম্পশন–২’–এর বেশ কিছু মিল রয়েছে। এ কারণে গেমটির সম্ভাব্য কম্পিউটারের চাহিদা অনুমান করতে রেড ডেড রিডেম্পশন–২–এর হার্ডওয়্যার প্রয়োজনীয়তাকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সেই হিসাবে, পিসিতে জিটিএ–৬ চালাতে কমপক্ষে ১৬ গিগাবাইট র‍্যাম, এনভিডিয়া জিটিএক্স ১০৬০ অথবা এএমডি রেডিয়ন আরএক্স ৪৮০ গ্রাফিকস কার্ড এবং ইন্টেল কোর আই৭–৪৭৭০কে অথবা এএমডি রাইজেন ৫ ১৫০০এক্স প্রসেসর প্রয়োজন হতে পারে। তবে উন্নত গ্রাফিকস ও ভালোভাবে গেমটি খেলতে আরও শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হতে পারে।
জিটিএ–৬ চালাতে কতটুকু স্টোরেজ প্রয়োজন

জিটিএ–৬ গেমের ফাইলের আকারও পিসি ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। প্লেস্টেশন–৫–এ গেমটির পূর্ণাঙ্গ সংস্করণ ডাউনলোড করতে সর্বোচ্চ ২২৩ গিগাবাইট জায়গা প্রয়োজন। সে হিসাবে পিসির জন্য তৈরি জিটিএ–৫ এনহ্যান্সড সংস্করণের (১০৫ গিগাবাইট) তুলনায় গেমটির আকার দ্বিগুণের বেশি। অন্যদিকে ১৫০ গিগাবাইট আকারের রেড ডেড রিডেম্পশন–২–এর তুলনায় এটি প্রায় দেড় গুণ বড়।
এ কারণে ২৫৬ বা ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার স্টোরেজ ড্রাইভ ব্যবহারকারীদের নতুন করে ভাবতে হতে পারে। জিটিএ–৬ খেলার প্রস্তুতি হিসেবে অন্তত ১ টেরাবাইটের এসএসডি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এতে গেমটি ইনস্টল করার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার ও ফাইল সংরক্ষণের জন্যও পর্যাপ্ত জায়গা থাকবে।
এসএসডির আরেকটি সুবিধা হলো, সাধারণ হার্ডডিস্ক ড্রাইভের (এইচডিডি) তুলনায় এতে তথ্য পড়া ও লেখার গতি বেশি। ফলে গেম চালু হওয়া এবং বিভিন্ন দৃশ্য লোড হতে কম সময় লাগবে। জিটিএ–৬–এর বিস্তৃত পরিবেশ, সূক্ষ্ম টেক্সচার ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বিস্তারিত দৃশ্য দ্রুত লোড করার ক্ষেত্রেও এসএসডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পুরোনো পিসিতেও কি খেলা যাবে জিটিএ–৬

জিটিএ–৬–এর পিসি সংস্করণ নিয়ে পুরোনো কম্পিউটার ব্যবহারকারীদের জন্য কিছুটা আশার জায়গা রয়েছে। প্লেস্টেশন–৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এসে এএমডির কাস্টম জেন–২ প্রযুক্তির আট কোরের প্রসেসর এবং রেডিয়ন আরডিএনএ–২ প্রযুক্তির গ্রাফিকস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই হার্ডওয়্যার সক্ষমতা বিবেচনায় নিলে গেমটি চালানোর জন্য অত্যাধুনিক পিসি অপরিহার্য না–ও হতে পারে।
সাধারণত কনসোলের জন্য তৈরি কোনো গেম পিসিতে আনার সময় বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেটি অপটিমাইজ করতে হয়। ফলে তুলনামূলক কম ক্ষমতার যন্ত্রাংশ ব্যবহার করেও যেন গেমটি চালানো যায়, সে বিষয়টি বিবেচনায় রাখতে হয়। এ কারণে পুরোনো আট কোরের ইন্টেল ও এএমডি প্রসেসর ব্যবহারকারীদের জন্যও জিটিএ–৬ খেলার সুযোগ থাকতে পারে। গত পাঁচ বছরে তৈরি অনেক গেমিং পিসিতে অন্তত মাঝারি গ্রাফিকস সেটিংসে গেমটি চালানো সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ধারণা পেতে রকস্টারের আরেক গেম রেড ডেড রিডেম্পশন–২–এর সিস্টেম চাহিদা বিবেচনা করা যেতে পারে। স্টিমের তথ্য অনুযায়ী, গেমটি চালানোর জন্য ন্যূনতম ইন্টেল কোর আই–৫–২৫০০কে অথবা এএমডি এফএক্স–৬৩০০ প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম এবং এনভিডিয়া জিটিএক্স–৭৭০ অথবা এএমডি রেডিয়ন আর–৯, ২৮০ গ্রাফিকস কার্ড প্রয়োজন।
তবে এসব যন্ত্রাংশ বেশ পুরোনো। ফলে এগুলো ব্যবহার করে গেমটি চালানো সম্ভব হলেও উন্নত গ্রাফিকস ও ভালো ফ্রেম রেট পাওয়া কঠিন। অন্যদিকে রেড ডেড রিডেম্পশন–২–এর প্রস্তাবিত সিস্টেম চাহিদা অনুযায়ী, ভালো পারফরম্যান্স পেতে অন্তত ইন্টেল কোর আই–৭ অথবা এএমডি রাইজেন–৫ ১৫০০ প্রসেসর, ১২ গিগাবাইট র‍্যাম এবং এনভিডিয়া জিটিএক্স–১০৬০ অথবা এএমডি রেডিয়ন আরএক্স–৪৮০ গ্রাফিকস কার্ড প্রয়োজন।
বর্তমানে বাজারে পাওয়া অনেক গেমিং পিসিতে এনভিডিয়া আরটিএক্স–৩০ সিরিজ অথবা এএমডি রেডিয়ন–৮০০০ সিরিজের গ্রাফিকস কার্ড রয়েছে। এসব পিসিতে তুলনামূলক নতুন প্রজন্মের প্রসেসরও ব্যবহার করা হচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে গেমিং পিসি কিনেছেন, এমন ব্যবহারকারীদের জিটিএ–৬ খেলার জন্য বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন না–ও হতে পারে।
জিটিএ–৬–এর সম্ভাব্য ন্যূনতম ও প্রস্তাবিত স্পেসিফিকেশন

রকস্টার গেমস এখনো পিসিতে জিটিএ–৬ চালানোর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যারের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি। তবে রেড ডেড রিডেম্পশন–২–এর সিস্টেম চাহিদা এবং বর্তমান গেমিং পিসির সক্ষমতা বিবেচনায় গেমটির সম্ভাব্য ন্যূনতম ও প্রস্তাবিত কনফিগারেশনের একটি ধারণা পাওয়া গেছে।
সম্ভাব্য ন্যূনতম পিসির ক্ষমতা

অপারেটিং সিস্টেম: ৬৪ বিটের উইন্ডোজ ১০

প্রসেসর: ইন্টেল কোর আই৭–৪৭৭০কে অথবা এএমডি রাইজেন ৫ ১৫০০এক্স

র‍্যাম: ১৬ গিগাবাইট

গ্রাফিকস কার্ড: এনভিডিয়া জিটিএক্স ১০৬০ অথবা এএমডি রেডিয়ন আরএক্স ৪৮০

স্টোরেজ: ৫০০ গিগাবাইট
সম্ভাব্য রেকমেন্ডেড পিসি

অপারেটিং সিস্টেম: ৬৪ বিটের উইন্ডোজ ১০

প্রসেসর: ইন্টেল কোর আলট্রা–৭ অথবা এএমডি রাইজেন–৭ ৭৮০০এক্স৩ডি

র‍্যাম: ৩২ গিগাবাইট

গ্রাফিকস কার্ড: এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ অথবা এএমডি রেডিয়ন আরএক্স ৭৮০০ এক্সটি

স্টোরেজ: ১ টেরাবাইটের এসএসডি

তবে এই তালিকাকে জিটিএ–৬–এর চূড়ান্ত সিস্টেম চাহিদা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এগুলো বিভিন্ন গেমের হার্ডওয়্যার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে করা অনুমানমাত্র। গেমটির পিসি সংস্করণ প্রকাশের আগে রকস্টার গেমস আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় হার্ডওয়্যারের তালিকা প্রকাশ করলে প্রকৃত চিত্র জানা যাবে।
পিসিতে কবে আসবে জিটিএ–৬
পিসিতে জিটিএ–৬ প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো জানায়নি রকস্টার গেমস। তবে গেমবিটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে গেমটির পিসি সংস্করণ প্রকাশ করা হতে পারে। সে হিসাবে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে পিসি গেমাররা গেমটি খেলার সুযোগ পেতে পারেন। এ সময়সীমা ঠিক থাকলে প্লেস্টেশন–৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এসে মুক্তির কয়েক মাসের মধ্যেই পিসিতে আসবে জিটিএ–৬। তবে রকস্টার গেমসের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সূত্র: জেডডিনেট

Source - www.prothomalo.com ↗