Bangladesh · 2026-11-29 18:22:39

রাজবাড়ীতে ইউপি কার্যালয়ে ও বরগুনায় কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগ

রাজবাড়ীতে ইউপি কার্যালয়ে ও বরগুনায় কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগ
রাজবাড়ীর পাংশা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটি কার্যালয় ও বরগুনা সদর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল শনিবার রাতে নাশকতার এসব ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
গতকাল দিবাগত গভীর রাতে পাংশার শরিষা ও মৌরাট ইউপির বারান্দার জানালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কিছু আসবাব ও জানালার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার সকালে বিষয়টি জানাজানি হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে অগ্নিসংযোগের চেষ্টায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে। এতে পরিষদের বারান্দায় থাকা কিছু আসবাব পুড়ে গেছে।’
আর শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, তিনিও অগ্নিসংযোগের খবর শুনেছেন। বেশ কিছুদিন ধরে উপজেলার বাইরে থাকায় ইউনিয়ন পরিষদে যাওয়া হয়নি তাঁর। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানতে পেরেছেন।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) রাকিবুর রহমান বলেন, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে দেখা গেছে, মৌরাট ইউপির বারান্দায় থাকা একটি চেয়ারসহ কিছু আসবাব পুড়ে গেছে। এ ছাড়া জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বৃত্তরা পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ছুড়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে। শরিষা ইউপি ভবনের বাইরের দিক থেকে জানালায় মশালজাতীয় কিছু দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনায় দুই ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেবরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নে গতকাল দিবাগত রাত ১২টার দিকে গুদিঘাটা কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পাশের জানালার কাচ ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্লিনিকের সামনের দরজা ও পেছনের একটি কক্ষের মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কারণ উদ্‌ঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সিভিল সার্জন কার্যালয় থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদ মুর্শিদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্লিনিকটিতে আগেও দুবার চুরির ঘটনা ঘটেছে। মাদকসেবী ও ছিঁচকে চোরেরা মালামাল চুরি করে বিক্রি করত বলে অভিযোগ রয়েছে। এবারের ঘটনাটি আগের চুরির সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গুদিঘাটা কমিউনিটি ক্লিনিকের পরিচ্ছন্নতাকর্মী খাদিজা বেগম বলেন, ‘স্থানীয় লোকজন ফোন করে আগুন লাগার খবর দিলে এসে দেখি, সামনের দরজায় আগুন জ্বলছে। পরে দেখি ভবনের পেছনের একটি কক্ষেও আগুন দাউ দাউ করে জ্বলছে। দরজা খুলে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলি।’
ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মাকসুদা মায়া বলেন, দিবাগত রাত ১২টার দিকে এলাকাবাসী ফোনে অগ্নিসংযোগের খবর জানান। সঙ্গে সঙ্গে তিনি পরিচ্ছন্নতাকর্মীকে জানান এবং স্থানীয় লোকজনের সহায়তায় ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারী শহরের অদূরে বনবিভাগ এলাকা থেকে ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নীলফামারীতে ককটেল–সদৃশ বস্তু উদ্ধার
নীলফামারী শহরের অদূরে বন বিভাগ এলাকা থেকে ককটেল–সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে ওই এলাকার একটি পুকুরপাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পুকুরপাড়ে লাল রঙের টেপে মোড়ানো সন্দেহজনক চারটি বস্তু দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে। তবে উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ককটেল–সদৃশ বস্তুগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বস্তুগুলো ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা–নিরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন প্রতিনিধি, রাজবাড়ী, বরগুনা ও নীলফামারী)

Source - www.prothomalo.com ↗