প্রয়াত ইহুদি ব্যবসায়ীকে সাজানো হয় আত্মীয়, তৈরি করা হয় ভুয়া মৃত্যু ও সমাধি সনদ। এসব জাল নথি আদালতে উপস্থাপন করে আদায় করা হয় সম্পত্তি অবমুক্তির রায়। পরে প্রশাসনের সহায়তায় চট্টগ্রামের আলকরণে সরকারি অর্পিত সম্পত্তির দখল বুঝে নেন কথিত ওয়ারিশ। এ ঘটনায় আইনজীবী ও চসিকের এক কর্মচারীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকায় সরকারের অর্পিত সম্পত্তি আত্মসাতের এক অভিনব জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে উঠে এসেছে। দুদকের অনুসন্ধান অনুযায়ী, প্রয়াত ইহুদি ব্যবসায়ী ডেভিড ইজিক্যালের ভুয়া ওয়ারিশ পরিচয়ে এলবার্ট সরকার নামে এক ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করেন। এ জন্য তৈরি করা হয় জাল ওয়ারিশ, মৃত্যু ও সমাধি সনদ। এসব নথি আদালতে উপস্থাপন করে একের পর এক মামলায় সম্পত্তি অবমুক্তির রায় ও ডিক্রি আদায় করা হয়।
মৃত ইহুদি ব্যবসায়ীর ভুয়া ওয়ারিশ সেজে সরকারি জমি দখল, দুদকের মামলায় ৫ জন

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের অনুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ২৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।
দুদকের অনুসন্ধানে অভিযুক্ত পাঁচজন হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদরের মিশন এলাকার আলবার্ট সরকার ওরফে আলবার্ট আশীষ সরকার ও আলবার্ট লিটন সরকার (৫৮), চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সংস্থাপন শাখার উচ্চমান সহকারী মোহাম্মদ মনজুর আলম (৪৫), লক্ষ্মীপুরের কমলনগর এলাকার নজির আহামদের ছেলে আইনজীবী মোহাম্মদ ছোলায়মান ওরফে অ্যাডভোকেট মোহাম্মদ ছোলায়মান এমরান (৫২), চাঁদপুরের উত্তর মতলবের মোহনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. শামসুল আলম রানা (৫৭) এবং কক্সবাজারের চকরিয়ার চিড়িঙ্গা এলাকার তপন চন্দ্র কাসারীর ছেলে সুকান্ত কাসারী (৩৪)।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, এলবার্ট সরকার নিজেকে প্রয়াত ডেভিড ইজিক্যালের ওয়ারিশ দাবি করে চট্টগ্রামের আলকরণ এলাকার গুড়িবাজার ও কর্নাট মৌজায় থাকা সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা করেন। তবে যুক্তরাজ্যের সরকারি মৃত্যু নিবন্ধন এবং বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ডেভিড ইজিক্যাল ১৯৪৬ সালের ১২ নভেম্বর লন্ডনে মারা যান। অন্যদিকে এলবার্ট সরকারের পারিবারিক পরিচয় যাচাই করে ডেভিড ইজিক্যালের সঙ্গে তাঁর কোনো রক্তের সম্পর্ক পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, এলবার্ট সরকারের প্রকৃত বাবা গোপাল সরকার এবং মা সুপ্রীতি লতা সরকার ওরফে লক্ষী সরকার। তাঁর সৎমা কনক সরকার বর্তমানে জীবিত। অথচ জাল নথিতে কনক ইজিক্যালকে ডেভিড ইজিক্যালের মেয়ে এবং এলবার্ট সরকারকে তাঁর একমাত্র ওয়ারিশ হিসেবে দেখানো হয়।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০১৩ সালে রতন কুমার মল্লিক ও আফরোজা বুলবুলকে জাল ওয়ারিশ সনদ ও খতিয়ান দেখিয়ে এলবার্ট সরকারকে ডেভিড ইজিক্যালের প্রকৃত ওয়ারিশ হিসেবে বিশ্বাস করানো হয়। পরে ১১৫৯/২০১৩ নম্বর সাধারণ আমমোক্তারনামা দলিলের মাধ্যমে সম্পত্তি অবমুক্তির জন্য চট্টগ্রামের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে সাতটি মামলা করা হয়।
মামলাগুলোতে দাবি করা হয়, ডেভিড ইজিক্যালের মৃত্যুর পর তাঁর স্ত্রী কেরিন ইজিক্যাল ও মেয়ে কনক ইজিক্যাল সম্পত্তি ভোগদখল করেন। পরে কনক ইজিক্যালের একমাত্র ছেলে হিসেবে এলবার্ট সরকার উত্তরাধিকারসূত্রে এসব সম্পত্তির মালিক হন। তবে দুদকের অনুসন্ধানে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
আদালতে দাখিল করা নথির সত্যতা যাচাই করতে গিয়ে একাধিক জালিয়াতির তথ্য পেয়েছে দুদক। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর জহর লাল হাজারী এবং ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ (বেবী) জানিয়েছেন, সংশ্লিষ্ট ওয়ারিশ ও মৃত্যু সনদ তাঁদের কার্যালয় থেকে ইস্যু করা হয়নি। সনদে থাকা স্বাক্ষরও তাঁদের নয় বলে প্রত্যয়ন করেছেন তাঁরা।
এ ছাড়া পাথরঘাটার আওয়ার লেডি অব দ্য হোলি রোজারি ক্যাথেড্রালের দায়িত্বপ্রাপ্ত ফাদার রিগ্যান ক্লেমেন্ট ডি’কস্তা ডেভিড ইজিক্যালের কথিত সমাধি সনদকে সঠিক নয় বলে প্রত্যয়ন করেন। গির্জার রেজিস্টারেও তাঁকে সমাহিত করার কোনো তথ্য পাওয়া যায়নি।
কথিত সমাধি সনদে ডেভিড ইজিক্যালকে ১৯৪৬ সালের ১৫ জুন চট্টগ্রামে দাফনের কথা উল্লেখ করা হয়েছিল। অথচ যুক্তরাজ্যের সরকারি নথিতে তাঁর মৃত্যুর তারিখ ১৯৪৬ সালের ১২ নভেম্বর।
দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, এসব নথির ভিত্তিতে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর সাতটি মামলায় এলবার্ট সরকারের পক্ষে রায় ও ডিক্রি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ আপিল করলেও ২০২২ সালের ৩১ অক্টোবর ও ৬ নভেম্বর আপিল ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করেন।
এরপর ২০২৫ সালের ৫ মার্চ জেলা প্রশাসন বিদ্যমান লিজগ্রহীতাদের উচ্ছেদ করে এলবার্ট সরকারকে সম্পত্তির দখল বুঝিয়ে দেয়। একই বছরের ৩ জুন বাকলিয়া সার্কেল ভূমি অফিসে তাঁর নামে ২৫-৯১৫ নম্বর নামজারি খতিয়ানও সৃজন করা হয়।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, গুড়িবাজার মৌজার ৫১ দশমিক ৮১ শতক এবং কর্নাট মৌজার ৯ দশমিক ৩৮ শতকসহ মোট ৬১ দশমিক ১৯ শতক সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া কর্নাট মৌজার আরও ৭ দশমিক ৯৪ শতক সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে অভিযোগের আওতায় রয়েছে ৬৯ দশমিক ১৩ শতক সরকারি সম্পত্তি।
সম্পত্তি হস্তান্তর ও নগদায়নের উদ্দেশ্যে এলবার্ট সরকার ২০২৪ সালে দুটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এর মধ্যে ৫১ দশমিক ৮১ শতক সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা যৌথভাবে সুকান্ত কাসারী, শামসুল আলম রানা ও আইনজীবী মোহাম্মদ ছোলায়মানকে দেওয়া হয়। অন্যদিকে ৯ দশমিক ৩৮ শতক সম্পত্তির হস্তান্তর ক্ষমতা দেওয়া হয় সুকান্ত কাসারীকে।
একটি দলিলে ৩ কোটি ২০ লাখ টাকার কাল্পনিক পণমূল্য দেখানোর তথ্যও পেয়েছে দুদক।
অন্যদিকে কর্নাট মৌজার আরও ৭ দশমিক ৯৪ শতক সম্পত্তি অবমুক্তির জন্য ২০১৯ সালে দায়ের করা একটি মামলায় এলবার্ট সরকারের পক্ষে রায় ও ডিক্রি দেওয়া হলেও রাষ্ট্রপক্ষের আপিল বর্তমানে বিচারাধীন। ফলে ওই জমি এখনো হস্তান্তর করা হয়নি বলে অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১২০বি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। কমিশনের অনুমোদনের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।
দুদক জানিয়েছে, মামলার তদন্তকালে প্রয়োজন হলে কমিশন ও আদালতের অনুমতিক্রমে এলবার্ট সরকার এবং তাঁর নিকটাত্মীয়দের ডিএনএ পরীক্ষা করা হবে। এ ছাড়া তদন্তে নতুন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Source - www.bd24live.com ↗