Bangladesh · 2026-11-29 18:16:08

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল সংযুক্ত আরব আমিরাত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ব সরকার সম্মেলন-২০২৭-এ অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

রোববার পাঠানো এক বিবৃতিতে শেখ মোহাম্মদ বলেন, মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে তারেক রহমানকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।

আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে বিশ্ব সরকার সম্মেলন। ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকারব্যবস্থা গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনে বৈশ্বিক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং জনসেবা ও রাষ্ট্র পরিচালনায় উদ্ভাবনী পদ্ধতি খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এর আগে ২০২৬ সালের সম্মেলনে ১৫০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নেন। এতে ৬০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ৫০০ জনের বেশি মন্ত্রী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও চিন্তাবিদসহ সম্মেলনে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬ হাজারের বেশি। বৈশ্বিক অগ্রগতির অভিন্ন লক্ষ্য ও কৌশল নির্ধারণে তারা মতবিনিময় করেন।

Source - www.bd24live.com ↗