Bangladesh · 2026-11-29 20:52:10

ওটিলিয়ার কনসার্টের পোশাকে দেশীয় ব্র্যান্ড আনজারা, যে নকশায় মুগ্ধ আন্তর্জাতিক তারকা

ওটিলিয়ার কনসার্টের পোশাকে দেশীয় ব্র্যান্ড আনজারা, যে নকশায় মুগ্ধ আন্তর্জাতিক তারকা
আন্তর্জাতিক মঞ্চে দেশীয় ফ্যাশন ও কারুশিল্পের পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে যুক্ত হলো নতুন এক অভিজ্ঞতা। আন্তর্জাতিক সংগীতশিল্পী ওটিলিয়ার কনসার্টের জন্য বিশেষ পোশাক তৈরি করেছে বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ড আনজারা। হাতে করা কাজ ও সূক্ষ্ম কারচুপির নকশায় তৈরি ইন্দো-ওয়েস্টার্ন পোশাকটি পরে মঞ্চে পারফর্ম করেছেন এই সংগীতশিল্পী। পোশাকটির নকশা ও কাজ দেখে মুগ্ধতাও প্রকাশ করেছেন তিনি।
ওটিলিয়ার বাংলাদেশ সফরের আগেই তাঁর সঙ্গে যোগাযোগ করে আনজারা। ব্র্যান্ডটির পক্ষ থেকে তাঁকে হাতে করা কাজ ও কারচুপির নকশায় তৈরি বিশেষ একটি পোশাক পরে কনসার্টে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়। পোশাকের ধারণাটি পছন্দ হওয়ায় সম্মতি জানান ওটিলিয়া। এরপর তাঁর কনসার্টের ধরন ও মঞ্চে পোশাকটির উপযোগিতার কথা মাথায় রেখে শুরু হয় নকশা ও তৈরির কাজ। প্রতিটি অংশে সূক্ষ্ম হাতে করা কাজ ফুটিয়ে তুলতে আনজারার কারিগরদের সময় লেগেছে প্রায় এক মাস।
কালো রঙের পোশাকটিতে সাদা ও রুপালি রঙের ফুলেল কারচুপির নকশা বিশেষভাবে নজর কাড়ে। পুরো পোশাকেই রয়েছে হাতে করা সূক্ষ্ম কাজ। এতে ব্যবহার করা হয়েছে ঝুলন্ত বিটস, কাটদানা, ডপকা ও জরি সুতা। মূল পোশাক তৈরিতে নেওয়া হয়েছে প্রিমিয়াম নেট কাপড়, আর হাতার অংশে ব্যবহার করা হয়েছে র সিল্ক। কোমরের নিচে ঝুলন্ত বিটসের কাজ পোশাকটিতে যোগ করেছে বাড়তি আবেদন। সব মিলিয়ে ঐতিহ্যবাহী কারুশিল্প আর আধুনিক নকশার মেলবন্ধনে তৈরি হয়েছে কনসার্টের উপযোগী এক বিশেষ লুক।
পোশাকটি হাতে পাওয়ার পর নিজের ভালো লাগার কথা জানান ওটিলিয়া। তাঁর ভাষ্য, জীবনে প্রথমবার কোনো ব্র্যান্ড তাঁর জন্য এত যত্ন নিয়ে কনসার্টের উপযোগী বিশেষ পোশাক তৈরি করেছে। পুরো অভিজ্ঞতাটি তাঁর কাছে ছিল নতুন। আনজারার তৈরি পোশাকটি পরে নিজেকে বিশেষ মনে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পোশাকের নকশা ও সূক্ষ্ম কাজ নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।
বাংলাদেশে আনজারা মূলত ব্রাইডাল পোশাকের ব্র্যান্ড হিসেবে পরিচিত। তবে তাদের সংগ্রহ শুধু বিয়ের পোশাকেই সীমাবদ্ধ নয়। ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি ইন্দো-ওয়েস্টার্ন ও ক্যাজুয়াল পোশাকেও রয়েছে ব্র্যান্ডটির আয়োজন। দেশীয় কারুশিল্পের সঙ্গে আধুনিক নকশার সমন্বয় আনজারার কাজের অন্যতম বৈশিষ্ট্য।
ওটিলিয়ার জন্য তৈরি পোশাকটি আনজারার ইন্দো-ওয়েস্টার্ন কালেকশনেরই একটি বিশেষ সংযোজন। কনসার্টের উপযোগিতা, শিল্পীর পছন্দ এবং পোশাকের নান্দনিকতা সবকিছু বিবেচনায় রেখেই নির্বাচন করা হয়েছে নকশা, কাপড় ও উপকরণ। প্রায় এক মাসের পরিশ্রমে কারিগরদের হাতে তৈরি এই পোশাকের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে দেশীয় ফ্যাশন ও সূক্ষ্ম কারুশিল্প তুলে ধরার সুযোগ পেয়েছে আনজারা।
একটি দেশীয় ব্র্যান্ডের তৈরি পোশাক আন্তর্জাতিক সংগীতশিল্পীর কনসার্টের মঞ্চে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে আনন্দের। একই সঙ্গে এটি বাংলাদেশের কারিগরদের দক্ষতা ও দেশীয় ফ্যাশনের বহুমুখী সম্ভাবনাকেও নতুনভাবে তুলে ধরেছে।

Source - www.haal.fashion ↗