Bangladesh · 2026-11-29 22:26:45

ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (৩০ নভেম্বর) বিএনপির সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে। সংলাপে অংশ নিতে নতুন করে সময় চেয়েছে দলটি।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সোমবার ইসির সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে জানানো হলে বিএনপি সংলাপে অংশ নেবে।

এর আগে রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিতে নিবন্ধনের ক্রম অনুযায়ী ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। তবে প্রথম দিন সংলাপে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে বসার আগ্রহের কথা ইসিকে জানিয়েছে।

অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বিএনপি। সে অনুযায়ী সোমবার দলটির সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণ করা হয়। তবে শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এসেছে। বিএনপির নতুন করে সময় চাওয়ায় সোমবার দলটির সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হচ্ছে না।

Source - www.bd24live.com ↗