Bangladesh · 2026-11-29 21:45:54

চাঁদা না পেয়ে বসতঘরে আগুন, ভাগ্নিকে পিটিয়ে স্বর্ণের চেইন লুটের অভিযোগ

চাঁদা না পেয়ে বসতঘরে আগুন, ভাগ্নিকে পিটিয়ে স্বর্ণের চেইন লুটের অভিযোগ
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পশ্চিম পাঁচখোলা গ্রামে বসতঘরে অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রোববার (২৯ নভেম্বর) সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাঁচখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম পাঁচখোলা গ্রামের মুন্সীকান্দি এলাকায় মৃত করম আলী হাওলাদারের ছেলে জেবল হাওলাদারের বসতঘরে প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় জেবল হাওলাদারের ভাগ্নি ঝিনুককে মারধর করে তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা ছরোয়ার মাতুব্বরের নেতৃত্বে ইমরান সরদার, রেজাউল সরদার, বাহাদুর সরদারসহ তার স্ত্রী, বোন ও ভাগ্নি জামাইসহ ৮-১০ জনের একটি দল জেবল হাওলাদারের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কোপানোর চেষ্টা ও ধাওয়া করা হয়।

ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে জেবল হাওলাদার বলেন, অহেতুক আমাদের ওপর হামলা, চাঁদা দাবি ও বসতঘরে আগুন দিয়ে সব শেষ করে দেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

জেবল হাওলাদারের বোন মুন্নী বেগম বলেন, কোনো কারণ ছাড়াই আমার ভাইকে হত্যার চেষ্টা করা হয়েছে, বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমার মেয়েকে মারধর করে গলার দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমাকে সকালে একজন ফোন দিয়েছিল তবে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

The post চাঁদা না পেয়ে বসতঘরে আগুন, ভাগ্নিকে পিটিয়ে স্বর্ণের চেইন লুটের অভিযোগ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗