Bangladesh · 2026-11-29 23:31:11

খালেদা জিয়ার পরিচয় বিকৃত ও বিতর্কিত ক্যাপশন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

খালেদা জিয়ার পরিচয় বিকৃত ও বিতর্কিত ক্যাপশন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবির সঙ্গে বিতর্কিত ক্যাপশন যুক্ত করা হয়েছে। এ নিয়ে সমালোচনার মুখে ক্যালেন্ডারটির উৎপাদন ও মুদ্রণ বন্ধের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুরের ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অধ্যক্ষ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশ নেওয়া অতিথিদের উপহারসামগ্রীর সঙ্গে ২০২৭ সালের একটি ডেস্ক ক্যালেন্ডার দেওয়া হয়। ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি রয়েছে। ছবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে দেখা যায়।

ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতির ছবিও রয়েছে। তবে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের ছবির ওপর থাকা ব্যানারের ক্যাপশনে তাঁর পরিচয় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ক্যালেন্ডার প্রকাশ ও বিতরণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।

রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। তাঁদের মধ্যে একজনের চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার, একজনকে সাময়িক বরখাস্ত এবং অন্য তিনজনকে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মাস্টার্স (নিয়মিত) ক্যালেন্ডারে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুলের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত অধ্যক্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণ করা হয়েছিল।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে—ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম বন্ধ, যেসব অধ্যক্ষ ও অভিভাবক কপি পেয়েছেন সেগুলো ফেরত আনার ব্যবস্থা এবং ক্যালেন্ডার প্রস্তুত, যাচাই ও মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।

এ ছাড়া ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে বিস্তারিত তদন্ত চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে, ক্যালেন্ডার বিতরণে অনিয়মের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ২৯ নভেম্বরের এক অফিস আদেশে জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে স্ট্যান্ড রিলিজের মাধ্যমে নতুন কর্মস্থলে পদায়নের কথা জানানো হয়।

Source - www.bd24live.com ↗