Bangladesh · 2026-11-30 01:15:15

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার দুপুরে ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়। এ মিছিল ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ ঘুরে আবার ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে দিয়ে ডাকসুর সামনে এসে শেষ হয়।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।
উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। এসব বন্ধ করতে হবে। তিনি ঢাকাকে বিশ্বের জন্য একটি ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
ফিলিস্তিনের মানুষের মানবাধিকার আদায়ে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত বলে মন্তব্য করেন আসিফ আবদুল্লাহ।
‘কেফিয়াহ মার্চ’–এ ফিলিস্তিনের পতাকা হাতে অংশগ্রহণকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ২৯ নভেম্বর ২০২৬সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এটি গোটা বিশ্বের মানবতার আন্দোলন।
সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান। সঞ্চালনা করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক।

Source - www.prothomalo.com ↗