Bangladesh · 2026-11-30 02:15:46

আইসিসিতে প্রথম এশীয় নেতা হিসেবে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিচার শুরু

আইসিসিতে প্রথম এশীয় নেতা হিসেবে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিচার শুরু
আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আজ সোমবার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু হচ্ছে। ক্ষমতায় থাকার সময় মাদকবিরোধী অভিযানের নামে হাজারো মানুষকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই বিচার হচ্ছে।
দুতার্তে (৮১) আইসিসিতে বিচারের মুখোমুখি হওয়া প্রথম কোনো এশীয় নেতা। গত বছর ম্যানিলায় গ্রেপ্তারের পর তাঁকে নেদারল্যান্ডসের দ্য হেগ–এ আটককেন্দ্রে নেওয়া হয়।
বিচার শুরুর দিন দুতার্তে অভিযোগ বুঝতে পারছেন কি না এবং দোষ স্বীকার করেন কি না, তা বিচারকেরা যাচাই করে দেখবেন। এরপর সূচনা বক্তব্য দেওয়া হবে। দুতার্তের এই বিচারপ্রক্রিয়ায় প্রতিদিন চার ঘণ্টা করে শুনানি চলবে। তাঁর বিরুদ্ধে প্রায় ১০০ জন সাক্ষী হাজির করা হবে। আইসিসি বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ হিসেবে ৪৯টি ঘটনায় ৭৬ জনের মৃত্যুর বিষয়টি পর্যালোচনা করবেন। এমন বিচারের রায় পেতে সাধারণত এক বছরের বেশি সময় লাগে এবং এরপর আপিলের সুযোগ থাকবে।
এর আগে গত ফেব্রুয়ারির প্রাক্-বিচারিক শুনানিতে শারীরিক দুর্বলতা ও স্মৃতিভ্রমের কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন দুতার্তে।
দুতার্তে ২০১৬ সালে অপরাধ দমনের কঠোর প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে মাদকাসক্তদের দমনে তিনি জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত করতেন। এ জন্য তিনি ‘দুতার্তে হ্যারি’ নামে পরিচিতি পান। এমনকি নিজেও সন্দেহভাজন অপরাধীদের হত্যা করেছেন বলে দম্ভোক্তি করতেন। ফিলিপাইনের পুলিশের হিসাবে, তাঁর মাদকবিরোধী অভিযানে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে নিরপেক্ষ সংস্থাগুলোর মতে, এই সংখ্যা আরও অনেক বেশি। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন বস্তি ও দরিদ্র এলাকার পুরুষ।
প্রাক্-বিচারিক শুনানিতে আসামিপক্ষের আইনজীবী নিকোলাস কাউফম্যান দাবি করেছিলেন, দুতার্তের বক্তব্যগুলো ছিল কেবল কথার কথা ও অতিরঞ্জন। তাই তাঁর বিচার করা উচিত নয়। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জুলিয়ান নিকোলস যুক্তি দেন, দুতার্তে মজা করে বললেও সেই কথাগুলো বাস্তবে রূপ দেওয়া হয়েছিল। তিনি হাজার হাজার মানুষ হত্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা করেছেন।
আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলেন সাবেক প্রেসিডেন্ট দুতার্তেএই বিচারকে স্বাগত জানিয়েছে ভুক্তভোগীদের সংগঠনগুলো। ফিলিপাইন ট্রুথ কমিশনের চেয়ারম্যান ও আইসিসির সাবেক বিচারক রাউল পাঙ্গালানগান বলেন, ‘লৌহমানব’ হিসেবে পরিচিত দুতার্তেকে আসামির কাঠগড়ায় দেখা ফিলিপিনোদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বিশ্বকে বার্তা দেয় যে কোনো নেতাই আইনের ঊর্ধ্বে নন। তবে ভুক্তভোগী হাজারো পরিবার এখনো নিজ দেশে হত্যাকারীদের জবাবদিহির অপেক্ষায় রয়েছে।
এদিকে দুতার্তের অন্যতম প্রধান সহযোগী ও সাবেক পুলিশপ্রধান রোনালদ দেলা রোসাকেও খুঁজছেন আইসিসি। চলতি বছরের ম্যানিলায় সিনেট ভবনে গোলাগুলির ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান তিনি। এর পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

Source - www.prothomalo.com ↗