Bangladesh · 2026-11-30 01:57:05

মুঠোফোন বন্ধ রেখে কুয়াকাটায়: বরিশালের বিচারককে কারণ দর্শানোর নির্দেশ

মুঠোফোন বন্ধ রেখে কুয়াকাটায়: বরিশালের বিচারককে কারণ দর্শানোর নির্দেশ
মুঠোফোন বন্ধ রেখে নিখোঁজ, অতঃপর জিডি, তারপর সন্ধান পাওয়া বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদীমকে কারণ দর্শাতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে চলতি সপ্তাহে ওই নোটিশ দেওয়া হয়েছে।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা; কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মদিবসে বিচারকাজে অনুপস্থিত থাকা; বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব ও শৃঙ্খলাবিরোধী আচরণের বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে তাঁকে (সিভিল জজ শেখ ফারহান নাদীম) কারণ দর্শানোর জবাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ দর্শাতে ২৬ নভেম্বর ওই নোটিশ পাঠানো হয়েছে বলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক জানিয়েছেন। তিনি আজ রোববার প্রথম আলোকে বলেন, তাঁর (সিভিল জজ শেখ ফারহান নাদীম) অননুমোদিত কর্মস্থলে অনুপস্থিতি ও আচরণ পেশাগত দায়দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রাপ্ত তথ্য অনুসারে, সিভিল জজ শেখ ফারহান নাদীম ১৭ নভেম্বর সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন। তাঁর মুঠোফোনও বন্ধ ছিল। খোঁজ না পেয়ে পরদিন আদালতের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। পরে ১৯ নভেম্বর সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় সেখানে গিয়েছিলেন এবং সুস্থ অবস্থায় ছিলেন বলে জানা যায়।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, বিচারক শেখ ফারহান নাদীম যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মদিবসে বিচারকাজে অনুপস্থিত ছিলেন। এ ধরনের অননুমোদিত অনুপস্থিতি বিচার বিভাগীয় দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করেছে, যা বিচার বিভাগের প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মপরিবেশের পরিপন্থী এবং পেশাগত আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রায় দুই দিন স্বেচ্ছায় কর্মস্থল ও পরিবারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন তিনি।
তাঁর এই নিখোঁজ হওয়ার বিষয়টি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়, এ অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দুই দিন (১৮ থেকে ১৯ নভেম্বর) কর্মস্থলে অনুপস্থিত থাকা, কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মদিবসে বিচারকার্যে অনুপস্থিত থাকা এবং বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব ও শৃঙ্খলাবিরোধী আচরণের বিষয়ে নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

Source - www.prothomalo.com ↗