Bangladesh · 2026-11-30 01:30:07

জিয়াউলের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন, হয়েছে সরাসরি সম্প্রচার

জিয়াউলের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন, হয়েছে সরাসরি সম্প্রচার
শতাধিক ব্যক্তিকে গুম–খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। রোববার জিয়াউলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার। আসামিপক্ষের এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার যুক্তিতর্কে বলেন, মিডিয়ার মাধ্যমে বিচারের আগেই রায় দিয়ে দেওয়া হচ্ছে। রায়ের আগেই জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে পুরো সমাজ, জাতির কাছে। এর ফলাফল হচ্ছে জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মালিকানা জিয়াউলের আট ভাই–বোনের। নিজেও (নাজনীন নাহার) এই সম্পত্তির অংশীদার এবং তিনিও ক্ষতিগ্রস্ত। বিচারের আগেই রায় দিয়ে ‘দানব’ হিসেবে উপস্থাপনের অধিকার কারও নেই বলেও উল্লেখ করেন তিনি।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা কিছু অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন আইনজীবী নাজনীন নাহার। তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। জিয়াউলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হলে জিয়াউল আহসানকে আসামি করা হতো না বলেও যুক্তিতর্কে উল্লেখ করেছেন নাজনীন নাহার। তিনি বলেন, জিয়াউলকে অ্যাপ্রুভার হওয়ার প্রস্তাব ‘সেফ হোমে’ (ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়) দেওয়া হয়েছে। রাজি না হওয়ায় তাঁকে আসামি করা হয়েছে।
উদ্দেশ্যমূলকভাবে জিয়াউল আহসানকে এই মামলায় আসামি করা হয়েছে দাবি করে আইনজীবী নাজনীন নাহার বলেন, মামলার আনুষ্ঠানিক অভিযোগে ১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, তার কোনো বর্ণনা নেই।
এর আগে এই মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) যুক্তিতর্ক উপস্থাপন করেছে। ২৪ নভেম্বর এই মামলায় প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। প্রসিকিউশনের টানা তিন দিনের যুক্তিতর্ক ২৬ নভেম্বর শেষ হয়। প্রসিকিউশনের যুক্তিতর্কও সরাসরি সম্প্রচার করা হয়েছে।
রোববার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সোমবার আসামিপক্ষের দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। এদিন যুক্তিতর্কে তিনি কারাগার থেকে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।

Source - www.prothomalo.com ↗