Bangladesh · 2026-11-05 06:32:19

ঢাকার সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকেশ ঋষি

ঢাকার সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকেশ ঋষি
নব্বইয়ের দশকের বলিউড সিনেমা মানেই এক দীর্ঘদেহী, পেশিবহুল এবং তীক্ষ্ণ চোখের ভিলেনের উপস্থিতি, যা পর্দায় তৈরি করত চরম আতঙ্ক। গুন্ডা সিনেমার সেই কালজয়ী ও কুখ্যাত চরিত্র বুল্লা কিংবা ঘাতক, জুড়ওয়া, ইন্ডিয়ান ও বাজির মতো ব্লকবাস্টার সিনেমাতে যার দুর্দান্ত অভিনয় দর্শকের হৃদয়ে ভয় ধরিয়ে দিয়েছিল তিনি আর কেউ নন, বলিউডের শক্তিশালী অভিনেতা মুকেশ ঋষি।

এবার ভারতের বিভিন্ন ভাষার সিনেমা কাঁপানোর পর এই বর্ষীয়ান অভিনেতা পা রাখছেন বাংলাদেশের রুপালি পর্দায়। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে থাকছেন এই অভিনেতা। সিনেমাটির নির্মাতা মোহাম্মদ ইকবাল রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমাটিতে তাকে এক ক্ষমতাধর ও মারকুটে খলচরিত্রে দেখা যাবে।

নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমার গল্প ও চরিত্রের প্রয়োজনেই এই প্রভাবশালী অভিনেতাকে কাস্ট করা হয়েছে এবং তার উপস্থিতি বাংলাদেশের অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করবে। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা। জম্মুতে জন্ম নেওয়া মুকেশ ঋষির জীবনের গল্প কোনো সিনেমার চেয়ে কম নয়।

চ-ীগড় থেকে পড়াশোনা শেষ করে জীবিকার তাগিদে তিনি ভারতের বাইরে ফিজিতে চলে যান এবং সেখানে পাথর ভাঙা শিল্পে কাজ শুরু করেন। পরবর্তীতে নিউজিল্যান্ডে গিয়ে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে নিজের যাত্রা শুরু করেন। প্রায় সাত বছর প্রবাস জীবন কাটিয়ে মুম্বাইয়ে ফিরে এসে অভিনয় শেখেন এবং ১৯৯৩ সালে জ্যাকি শ্রফের বিপরীতে ‘গার্দীশ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ১৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মুকেশ ঋষি। খলনায়ক হিসেবে তিনি যতটা ত্রাস ছড়িয়েছেন, ১৯৯৯ সালে আমির খানের বিপরীতে ‘সরফরোশ’ সিনেমায় ‘ইন্সপেক্টর সেলিম’ নামক এক ইতিবাচক চরিত্রে অভিনয় করে ততটাই প্রশংসা কুড়িয়েছিলেন। এ ছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে তার ‘সূর্যবংশম’ সিনেমাটি আজও টেলিভিশনের পর্দায় দারুণ জনপ্রিয়।

হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় ও পাঞ্জাবি সিনেমাতেও তিনি অত্যন্ত সমাদৃত ও প্রতিষ্ঠিত নাম।

The post ঢাকার সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকেশ ঋষি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗