Bangladesh · 2026-11-05 05:52:59

গুগলের পরীক্ষামূলক অ্যাপ ড্রিমবিনস এবার ভারতে চালু

গুগলের পরীক্ষামূলক অ্যাপ ড্রিমবিনস এবার ভারতে চালু
ব্যবহারকারীর দৈনন্দিন জীবন, আগ্রহ ও ডিজিটাল কর্মকাণ্ডের তথ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যক্তিগত গল্প তৈরি করে গুগলের পরীক্ষামূলক অ্যাপ ড্রিমবিনস। এবার যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম আন্তর্জাতিক বাজার হিসেবে ভারতে অ্যাপটি চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড ও আইওএসÑদুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে অ্যাপটি। সোমবার (২ নভেম্বর) ভারতে ড্রিমবিনস চালুর ঘোষণা দেয় গুগল। এতে ইংরেজির পাশাপাশি হিন্দি, পাঞ্জাবি, তামিল, তেলেগু ও বাংলাসহ মোট ১৩টি স্থানীয় ভাষা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ভারতীয় ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ভাষায় ব্যক্তিগত গল্প উপভোগ করতে পারবেন। এ জন্য আলাদা করে কোনো নির্দেশনা বা প্রম্পট দিতে হয় না।

গুগল ক্যালেন্ডার, জেমিনি, জিমেইল, গুগল ফটোস, সার্চ ও ইউটিউবের মতো সংযুক্ত সেবা থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীর আগ্রহ ও দৈনন্দিন কর্মকা-ের সঙ্গে মিল রেখে গল্প তৈরি করে অ্যাপটি। প্রাথমিকভাবে অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি স্থিরচিত্র ব্যবহার করা হতো। তবে সম্প্রতি গুগলের ভিডিও তৈরির মডেল ভিও যুক্ত করে নির্বাচিত কিছু গল্পের ছবিতে অ্যানিমেশন তৈরির সুবিধাও চালু করা হয়েছে।

গুগলের প্রোডাক্ট ম্যানেজার গোজদে ওজনুর জানান, ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে ড্রিমবিনস ব্যবহারের আগ্রহ এবং দেশটিতে গুগলের বিভিন্ন সেবার ব্যাপক জনপ্রিয়তার কারণে ভারতকে প্রথম আন্তর্জাতিক বাজার হিসেবে বেছে নেওয়া হয়েছে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জুনে চালুর পর থেকে যুক্তরাষ্ট্রে ড্রিমবিনস অ্যাপটি প্রায় ৫৫ হাজারবার ডাউনলোড হয়েছে।

এর মধ্যে প্রায় ৬৩ শতাংশ ডাউনলোড হয়েছে সেপ্টেম্বরে, যখন ১৮ বছর বা তার বেশি বয়সি যোগ্য সব মার্কিন ব্যবহারকারীর জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়। তবে অক্টোবরে ডাউনলোডের সংখ্যা আগের মাসের তুলনায় ৮৪ শতাংশ কমে প্রায় পাঁচ হাজার ৫০০-তে নেমে আসে। এক ভাষায় তৈরি হবে গল্প ভারতে ১৩টি ভাষা যুক্ত হলেও একসঙ্গে একাধিক ভাষায় গল্প তৈরির সুবিধা এখনো নেই।

ব্যবহারকারীরা একবারে একটি ভাষা নির্বাচন করতে পারবেন। গুগলের দাবি, বিভিন্ন ভাষায় থাকা তথ্য বিশ্লেষণ করে গল্প তৈরি করা সম্ভব হলেও একই গল্পে একাধিক ভাষা মিশিয়ে লেখার সুবিধা এখনো তৈরি হয়নি। ভারতের মতো বহুভাষিক দেশে এটি অ্যাপটির জনপ্রিয়তার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করতে পারে। কারণ দেশটির অনেক মানুষ নিয়মিত হিন্দি ও ইংরেজির মতো একাধিক ভাষা মিলিয়ে কথা বলেন।

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন ড্রিমবিনসের কার্যক্রমে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য ব্যবহৃত হওয়ায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অ্যাপটি গুগলের পারসোনাল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে সংযুক্ত সেবাগুলো থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। এসব সেবায় ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য থাকতে পারে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীরা চাইলে কোন কোন সেবা ড্রিমবিনসের সঙ্গে যুক্ত থাকবে, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। যেকোনো সময় সংযোগ বিচ্ছিন্ন করা এবং অ্যাপের ভেতর থেকে ড্রিমবিনসের তথ্য মুছে ফেলার সুযোগও রয়েছে। সংযুক্ত মূল সেবা থেকে কোনো তথ্য মুছে ফেললে ড্রিমবিনসের ব্যক্তিগতকরণ ব্যবস্থাতেও তা সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তৈরি করা গল্প শুধু সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্যবহারকারীই দেখতে পারবেন। তবে অ্যাপটি বর্তমানে শুধু ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টধারীদের জন্য উন্মুক্ত, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন না।

The post গুগলের পরীক্ষামূলক অ্যাপ ড্রিমবিনস এবার ভারতে চালু appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗