Bangladesh · 2026-11-05 10:00:00

দক্ষিণ আমেরিকায় ঝড় তুলেছে বিটিএস

দক্ষিণ আমেরিকায় ঝড় তুলেছে বিটিএস
দক্ষিণ আমেরিকা সফর শেষ করেছে কে-পপ গ্রুপ বিটিএস। ‘অ্যারিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে পাঁচটি শহরে ১৪টি কনসার্ট করেছে গ্রুপটি। সব কটি কনসার্টের টিকিট আগেই বিক্রি হয়ে যায়। এসব কনসার্টে দর্শক ছিলেন ৮ লাখ ৫৩ হাজার। গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর ব্রাজিলের সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে তিনটি কনসার্টের মধ্য দিয়ে এই সফর শেষ করে বিটিএস।
গত ২ অক্টোবর কলম্বিয়ার বোগোতা থেকে শুরু হয় দক্ষিণ আমেরিকা সফর। এরপর পেরুর লিমা, চিলির সান্তিয়াগো ও আর্জেন্টিনার বুয়েনস এইরেস ঘুরে ব্রাজিলে পৌঁছায় গ্রুপটি। কনসার্টে বিটিএসের পঞ্চম অ্যালবাম ‘অ্যারিরাং’-এর গানগুলোর পাশাপাশি ‘ফেক লাভ’, ‘নট টুডে’, ‘মাইক ড্রপ’, ‘ফায়ার’, ‘আইডল’, ‘বাটার’ ও ‘ডাইনামাইট’-এর মতো জনপ্রিয় গান পরিবেশন করা হয়।
পেরুতে ঝড় তুলেছে বিটিএসএবারের ওয়ার্ল্ড ট্যুরে পোশাকেও ছিল বিশেষ চমক। ব্রাজিলের ফুটবল জার্সি পরে মঞ্চে ওঠেন সদস্যরা। জিন ও আরএমের মাথায় দেখা যায় ব্রাজিলের আদিবাসীদের ঐতিহ্যবাহী পালকের মুকুট।
সাও পাওলোর শেষ কনসার্টে দক্ষিণ আমেরিকার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান জে-হোপ। তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকা আমাদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত সফরগুলোর একটি ছিল। কারণ, এখানে আপনাদের সঙ্গে আমাদের খুব বেশি দেখা হয় না। আসার আগেই এখানে পারফর্ম করার জন্য আমরা ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। অনেক প্রত্যাশাও ছিল। আপনারা প্রত্যাশার চেয়েও বেশি ভালোবাসা দিয়েছেন।’
ভবিষ্যতে আবার দক্ষিণ আমেরিকায় ফেরার আগ্রহের কথাও জানিয়েছেন সদস্যরা। শনিবার উইভার্সে সরাসরি সম্প্রচারে জিমিন বলেন, ‘এত দিন আমাদের জন্য অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। দক্ষিণ আমেরিকার এই সফর আমাদের কাছে দারুণ এক স্মৃতি হয়ে থাকবে। পৃথিবীর অন্য প্রান্তের এত মানুষ আমাদের ভালোবাসেন, বিষয়টি এখনো আমাকে বিস্মিত করে। এই স্মৃতি সঙ্গে নিয়ে আমরা প্রস্তুতি নেব এবং আবার ফিরব।’
বিটিএসের জন্য এবারের সফর ছিল বিশেষ। কলম্বিয়া ও আর্জেন্টিনায় গ্রুপটির প্রথম পূর্ণাঙ্গ কনসার্ট এটি। অভিষেকের পর এই প্রথম পেরু সফর করেছে তারা। এ ছাড়া চিলিতে ৯ বছর এবং ব্রাজিলে ৭ বছর পর কনসার্ট করেছে বিটিএস।
গ্রুপটির সফর ঘিরে শহরগুলোতেও ছিল নানা আয়োজন। সাংস্কৃতিক প্রভাবের স্বীকৃতি হিসেবে বোগোতা ও বুয়েনস এইরেসে বিটিএসকে সম্মানিত অতিথি ঘোষণা করা হয়। সান্তিয়াগোতে সাময়িকভাবে একটি সড়কের নাম রাখা হয় ‘অ্যাভেনিদা বিটিএস’। এ ছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকিত করা হয় গ্রুপটির প্রতীকী রং বেগুনিতে।
বিটিএসের কনসার্টের প্রভাব পড়েছে স্থানীয় পর্যটন ও পরিবহন খাতেও। একটি স্থানীয় জরিপ অনুযায়ী, বুয়েনস এইরেসের কাছের শহর লা প্লাতায় কনসার্ট দেখতে আসা দর্শকদের ৯৬ শতাংশই ছিলেন শহরের বাইরের। তাঁদের মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের জন্য এটিই ছিল প্রথম লা প্লাতা সফর। ৪৮ হাজারের বেশি দর্শনার্থী সেখানে অন্তত এক রাত অবস্থান করেন। তাঁদের গড় অবস্থান ছিল সাড়ে তিন রাত। টিকিটের খরচ বাদে আবাসন, খাবার, যাতায়াত ও বিনোদনে তাঁদের ব্যয় হয়েছে আনুমানিক ৫ হাজার ৩০০ কোটি আর্জেন্টাইন পেসো, যা প্রায় ৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলারের সমান।
কনসার্ট ঘিরে বেড়েছে ফ্লাইট ও আবাসনের চাহিদাও। বোগোতায় গত বছরের একই সময়ের তুলনায় ফ্লাইট বুকিং বেড়েছে ৪৬ দশমিক ৬ শতাংশ। লিমায় প্রথম কনসার্টের দিন রাইড শেয়ারিং সেবার চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় ১৫ গুণ বেড়েছিল।
কনসার্ট শেষে তা বেড়ে দাঁড়ায় ৪৮ গুণে। অন্যদিকে সান্তিয়াগোতে আবাসন খোঁজার হার আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ২০০ শতাংশ।
দক্ষিণ আমেরিকা সফর শেষে এবার এশিয়া ও অস্ট্রেলিয়ায় কনসার্ট করবে বিটিএস। ১৯ নভেম্বর তাইওয়ানের কাওশিয়ুংয়ে শুরু হবে এই পর্ব। এরপর ২৯ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংকক, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার জাকার্তায় কনসার্ট করবে গ্রুপটি। আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে পারফর্ম করার কথা রয়েছে তাদের।
কোরিয়া হেরাল্ড অবলম্বনে

Source - www.prothomalo.com ↗