Bangladesh · 2026-11-05 11:00:35

‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’

‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেছেন, তাহসিফ ভিডিও ধারণ না করলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে দেশ ছেড়েছিলেন, তা অজানাই থেকে যেত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে ওমর ফারুক ফারুকী বলেন, সাহসের সঙ্গে শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছিলেন তাহসিফ। তিনি ওই ভিডিও ধারণ না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা ও রহস্যঘেরা থেকে যেত।

তিনি আরও বলেন, ভিডিওটি প্রকাশের জেরে কোনো ষড়যন্ত্রমূলক প্রতিহিংসার শিকার হয়ে তাহসিফ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কি না, নাকি এর পেছনে প্রেমঘটিত কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আদালতে বলেন, তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগের রাতে তিনি এ মামলার দুই আসামি জেরিকা তাসনিম দিশা ও দ্বীপের সঙ্গে ছিলেন।

ওই রাতে দিশাকে নিয়ে তাহসিফ ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’ ও ‘সিপি ফাইভ স্টার’ রেস্তোরাঁয় যান এবং তাঁরা একসঙ্গে সময় কাটান বলেও আদালতে উল্লেখ করেন তিনি।

ওমর ফারুক ফারুকী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল। তবে আসামি এখনো অনেক তথ্য গোপন করছেন বলে দাবি করেন তিনি।

ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে দিশাকে আরও সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Source - www.bd24live.com ↗