ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমণি। জানা গেছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।
এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন করেন।
আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি তিনি। তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন, পরীমণি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময়ের আবেদন করছেন। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে তার জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মারধর ও ভাঙচুর মামলায় সিএমএম আদালতে পরীমণি

একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বুধবার জানিয়েছিলেন, বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তার মক্কেল। জামিন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি। প্রসঙ্গত, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, সেদিন ঢাকার বোট ক্লাবে গিয়ে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি তাকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হন বলে দাবি করেন নাসির।
The post মারধর ও ভাঙচুর মামলায় সিএমএম আদালতে পরীমণি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗