Bangladesh · 2026-11-05 14:07:39

‘আমার গায়ে হাত দিয়েছিস ক্যান’ আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

‘আমার গায়ে হাত দিয়েছিস ক্যান’ আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। গাড়িতে ওঠার সময় এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। এ নিয়ে ওই ব্যক্তির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ঘটনার একটি ভিডিওতে পরীমনিকে উত্তেজিত হয়ে ওই ব্যক্তিকে শাসাতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত থেকে বের হয়ে নিরাপত্তাকর্মী ও সহকারীদের সঙ্গে নিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন পরীমনি। এ সময় তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। কেউ কেউ দূর থেকে জামিনের পর তাঁর প্রতিক্রিয়া জানতে চান। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সাদা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি।

গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে হঠাৎ এক ব্যক্তির দিকে তেড়ে যান পরীমনি। তাঁকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ জবাবে মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ এ সময় পরীমনির সহকারীদেরও ওই ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলতে শোনা যায়।

ভিডিওতে দেখা যায়, প্রায় ৩০ সেকেন্ড ধরে এ নিয়ে উত্তেজিত অবস্থায় কথা বলেন পরীমনি। তাঁকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ একপর্যায়ে উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। ক্ষোভ প্রকাশ করতে করতেই দ্রুত গাড়িতে উঠে পড়েন পরীমনি। অন্যদিকে, ওই ব্যক্তি উচ্চ স্বরে দাবি করেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি এবং তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তোলার কারণ জানতে চান। পরে দ্রুত আদালত প্রাঙ্গণ ছাড়ে পরীমনির গাড়ি।

এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গত বুধবার (৪ নভেম্বর) পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন মামলার সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে পরোয়ানা জারি করা হয়।

এর এক দিন পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমনি। বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন তিনি। বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

Source - www.bd24live.com ↗