মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযানে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই আসামি ও চোর চক্রের আরও দুই সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া প্রায় এক লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫), কুলাউড়ার চাতলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে তুফায়েল আহমদ (৩০) এবং রাজনগর উপজেলার দক্ষিণ খলাগাঁও গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে লাকী মিয়া ওরফে মুন্না (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকায় নিজ বাড়ির সামনে থেকে চন্দন কুর্মী নামে এক ব্যক্তির হিরো গ্ল্যামার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগের পর কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আল আমিন অভিযান চালান। অভিযানে মৌলভীবাজার সদর এলাকা থেকে নান্নু মিয়া ও ইকবাল আহমদকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযান: চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। অন্যদিকে, কুলাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় করা মামলার তদন্তে অভিযান চালিয়ে তুফায়েল আহমদ ও লাকী মিয়া ওরফে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গত ২৪ অক্টোবর কুলাউড়া থানায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
The post কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযান: চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗