Bangladesh · 2026-11-05 19:37:51

খাগড়াছড়িতে হর্টিকালচার সেন্টার ও বিএডিসি কার্যালয় পরিদর্শনে জেলা পরিষদ সদস্য ক্যরী মগ

খাগড়াছড়িতে হর্টিকালচার সেন্টার ও বিএডিসি কার্যালয় পরিদর্শনে জেলা পরিষদ সদস্য ক্যরী মগ
খাগড়াছড়িতে কৃষি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সম্ভাবনা পর্যালোচনায় হর্টিকালচার সেন্টার এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয় পরিদর্শন করেছেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ক্যরী মগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেন। এ সময় পার্বত্য অঞ্চলে উদ্যান ফসলের চারা উৎপাদন, উন্নত জাতের ফলজ ও অন্যান্য কৃষি চারা উৎপাদন, সেচ ব্যবস্থাপনা এবং কৃষকদের কৃষিসেবা প্রদানের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পরিষদ সদস্য। সভায় পার্বত্য অঞ্চলের কৃষি খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও আধুনিকায়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া কৃষকদের উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের চারা সহজলভ্য করা এবং সেচসুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় হর্টিকালচার সেন্টারের অতিরিক্ত উপপরিচালক মো. জহিরুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য মাধবী মারমার প্রতিনিধি অংগ্য মারমা, নীলপদ চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার ক্যরী মগ বলেন, পার্বত্য অঞ্চলের বিপুল কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের জীবনমান উন্নয়ন ও উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে হবে। কৃষি উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা গ্রহণের মাধ্যমে খাগড়াছড়ির কৃষি খাতকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

The post খাগড়াছড়িতে হর্টিকালচার সেন্টার ও বিএডিসি কার্যালয় পরিদর্শনে জেলা পরিষদ সদস্য ক্যরী মগ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗