Bangladesh · 2026-11-05 19:11:40

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো
বিশ্বকাপের পরই গুঞ্জন উঠেছিল, এবার হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেবেন তিনি; কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো তখন জানিয়েছিলেন, তিনি জাতীয় দলের হয়ে আরও খেলে যেতে চান। এরই মধ্যে নতুন কোচ হোর্হে জেসুস রোনালদোকে নিয়েই জাতীয় দলের পরিকল্পনা সাজাচ্ছেন বলে জানান। এমনকি তাকে নিয়েই উয়েফা নেশন্স লিগে যাত্রা শুরু করেন পর্তুগাল কোচ।

কিন্তু নেশন্স লিগের খেলা চলাকালেই কোচের সঙ্গে বিরোধে জড়ান সিআর সেভেন। ক্যাম্প ছেড়ে চলে যান। যার পরিপ্রেক্ষিতে পর্তুগাল জাতীয় দলে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধও হন রোনালদো। এরই মধ্যে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবং আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচটিও খেলে ফেলেছেন তিনি। সব মিলিয়ে রোনালদোর ওপর একটা চাপ ছিল, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা কবে করবেন তা নিয়ে।

শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাটা দিয়েই দিলেন পর্তুগালের এই মহাতারকা। এর মধ্য দিয়ে দেশটির হয়ে হয়ে রেকর্ডগড়া ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্যেই ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে অবসরের সিদ্ধান্তের কথা জানান রোনালদো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার দখলে।

২০০৩ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় রোনালদোর। এরপর ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি। অধিনায়ক হিসেবে দুটি শিরোপা জিতিয়েছেন তিনি পর্তুগালকে। তার নেতৃত্বে ২০১৬ সালে ইউরো ও ২০১৯ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতে পর্তুগাল। পর্তুগালের হয়ে পাঁচটি বিশ্বকাপ ও ছয়টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন এই ফরোয়ার্ড। দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি।

২০২৬ বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পরই রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছিল। পরে তিনি জানিয়েছিলেন, জাতীয় দল থেকে অবসরের কথা ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে খেলা চালিয়ে যান। আল নাসরের এই ফরোয়ার্ডের অবসরের সিদ্ধান্তের আগে পর্তুগাল দলে কিছু অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হয়েছিল। সেপ্টেম্বরে নেশন্স লিগে নরওয়ের বিপক্ষে জয়ের ম্যাচে তাকে বেঞ্চে রাখার পর কোচ হোর্হে জেসুসের সঙ্গে প্রকাশ্য মতবিরোধে জড়ান রোনালদো।

এর আগে জাতীয় দলের হয়ে খেলার জন্য নিজেকে উন্মুক্ত রাখার কথা জানিয়েছিলেন তিনি। তবে ইনস্টাগ্রামে প্রকাশিত সর্বশেষ ভিডিওতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিশ্চিত করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। রোনালদোর অবসরের মধ্য দিয়ে দীর্ঘদিনের অধিনায়ক ও রেকর্ড গোলদাতাকে ছাড়াই সামনের দিনগুলোতে খেলতে হবে পর্তুগালক্র।

এখন নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে সামনে এগোনোর চ্যালেঞ্জ দলটির সামনে।

The post আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗