জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি।
এর আগে, গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে।
গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করার সিদ্ধান্ত হয়।
৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

সরকারের ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করল বিজিএমইএ। ফলে আগামী ৭ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মীরা সাধারণ ছুটি ভোগ করবেন।
Source - www.bd24live.com ↗