বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে পৃথক ঘটনায় দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে আগুন লাগার খবর পাওয়া গেছে। অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে প্রণালি অতিক্রমের চেষ্টার সময় এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির দক্ষিণাংশে একটি অনুমোদনহীন নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় একটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।
অন্যদিকে, প্রণালির পূর্বাঞ্চল দিয়ে যাওয়ার সময় আরেকটি বড় তেলবাহী ট্যাংকারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজে সহায়তার জন্য একটি টাগবোট এগিয়ে গেলে সেটিতেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন

ইরানের এই সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে চলাচলের চেষ্টা থেকেই ঘটনাগুলোর সূত্রপাত। তবে দ্বিতীয় ট্যাংকারে ঠিক কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম, সেগুলোর পতাকাবাহী দেশের পরিচয়, নাবিকদের অবস্থা কিংবা হতাহতের কোনো তথ্যও প্রকাশ করেনি আইআরজিসি। আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। ফলে সেখানে জাহাজ চলাচলে নিরাপত্তাঝুঁকি তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
Source - www.bd24live.com ↗