সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল। বদলি খেলোয়াড় ইবরাহিমের ৬৯ মিনিটের গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে বাংলাদেশ। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ প্রথমার্ধে গোলের দেখা পায়নি।
বিরতির পরও গোলের জন্য অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে জালের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৬৪ মিনিটে বিশ্বনাথ ঘোষের পরিবর্তে মাঠে নামেন ইবরাহিম। পাঁচ মিনিট পর জায়ান আহমেদের পাস থেকে দুর্দান্ত গোল করেন তিনি। তার এই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ভুটানের বিপক্ষে জয় দিয়ে শিরোপা মিশন শুরু বাংলাদেশের

প্রথমার্ধে অবশ্য প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। ভুটানের বিপক্ষে আক্রমণে পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। দলে দীর্ঘদিনের প্রথাগত স্ট্রাইকার-সংকট সামাল দিতে কোচ টমাস ডুলি ভিন্ন কৌশল নেন। রক্ষণভাগের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষকে খেলান নাম্বার নাইন হিসেবে। তবে আক্রমণভাগে প্রথমার্ধে খুব একটা কার্যকর হতে পারেননি তিনি।
ভুটানের বক্সে বল পেলেই গোলের চেষ্টা করেছেন বিশ্বনাথ। একটি হেড ও একটি শট নিলেও কোনোটিই লক্ষ্যে পৌঁছায়নি। ফলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। বরং বিরতির আগে গোল হজমের শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে ভুটানের পেমার নেওয়া আচমকা শট দুর্দান্ত ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
তার এই সেভে গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিকে ম্যাচের আগে অধিনায়কত্ব নিয়েও তৈরি হয় নাটকীয়তা। আগের দিন জামাল ভূঁইয়ার কাছ থেকে নেতৃত্ব নিয়ে তপু বর্মণকে অধিনায়ক করা হয়েছিল। তবে ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোটে পড়েন তপু। শেষ পর্যন্ত আবারও অধিনায়কের আর্মব্যান্ড ওঠে জামালের হাতে।
The post ভুটানের বিপক্ষে জয় দিয়ে শিরোপা মিশন শুরু বাংলাদেশের appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗