Bangladesh · 2026-11-05 22:30:21

খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর প্রতিযোগিতা শুরু

খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর প্রতিযোগিতা শুরু
তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও তা বিকাশের মহৎ লক্ষ্য নিয়ে খাগড়াছড়িতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’ (সিজন-২) এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা।

১০টি ভিন্ন ইভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো দেশজুড়ে এ ক্রীড়া আয়োজন ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি দেশব্যাপী একযোগে এ বর্ণাঢ্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় এই উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে সরাসরি সম্প্রচার করা হয়। এর পরপরই খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

​খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

​এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম, পৌরসভা নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলাম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, 'নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মধ্য দিয়ে প্রান্তিক অঞ্চলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার যেমন বিকাশ ঘটবে, তেমনই তারা নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। এছাড়া তাদের মাঝে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং আগামী দিনের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে'। তৃণমূলের এই প্রতিভাবান খেলোয়াড়েরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার সুবর্ণ সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Source - www.bd24live.com ↗