সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে তা তদন্ত করে তিন মাসের মধ্যে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, যেসব ডিলারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং নিয়োগে অনিয়মের প্রমাণ পাওয়া যাবে, সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় বস্তায় আদা চাষ ও অসময়ে নিরাপদ টমেটো চাষ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সার সংকটের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী দিনের চাহিদা মেটাতে পর্যাপ্ত মজুত রয়েছে। আগামী মাসে আরও বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতেও সারের সংকট হওয়ার আশঙ্কা নেই। এ সময় বিএনপিকে কৃষিবান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকেই কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। পরিদর্শন শেষে তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গী, কৃষি বিভাগ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সার ডিলার নিয়োগে অনিয়ম হলে তিন মাসের মধ্যে পুনর্বিবেচনা করা হবে: কৃষিমন্ত্রী

The post সার ডিলার নিয়োগে অনিয়ম হলে তিন মাসের মধ্যে পুনর্বিবেচনা করা হবে: কৃষিমন্ত্রী appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗