Bangladesh · 2026-11-06 11:14:10

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক বিশেষ ফর্ম

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক বিশেষ ফর্ম
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে অঙ্গীকারনামার ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে স্ক্যান করতে হবে। স্ক্যান করা কপি অনলাইন ভিসা আবেদন পোর্টালে (এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে আপলোড করতে হবে।

হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে নির্ধারিত ফর্মের বাইরে অন্য কোনো ফরম্যাট গ্রহণ করা হবে না। অর্থাৎ, বিকল্প কোনো ফর্মে অঙ্গীকারনামা জমা দিলে তা বাতিল বলে গণ্য হবে। ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্ধারিত এক পাতার ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত পরিচয়, ভারত সফরের উদ্দেশ্য এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার উল্লেখ করতে হবে। শুরুতেই পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম লিখতে হবে। পাশাপাশি ঘোষণা দিতে হবে, ভিসার আবেদনে যে উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে, ভারত সফরের সময় তিনি কেবল সেই উদ্দেশ্যেই দেশটিতে অবস্থান করবেন।

ফর্মের প্রথম অংশে পাঁচটি ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে। এগুলো হলো—পাসপোর্টে থাকা পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বসবাসের বর্তমান ঠিকানা।

দ্বিতীয় অংশে ভারত সফরের কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের মতো নির্দিষ্ট উদ্দেশ্য জানাতে হবে আবেদনকারীকে।

এ ছাড়া আবেদনকারীকে তিনটি বিষয়ে অঙ্গীকার করতে হবে। প্রথমত, ভারত সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন এবং ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম করে দেশটিতে অবস্থান করবেন না।

দ্বিতীয়ত, ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলবেন। তৃতীয়ত, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়াবেন না।

অঙ্গীকারনামায় বলা হয়েছে, এসব শর্ত ভঙ্গ করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফর্মের শেষ অংশে আবেদনকারীর স্বাক্ষর, ফর্ম পূরণের স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা ও মা—উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ায় ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামা সঠিকভাবে পূরণ করা এবং অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবেদনকারীদের।

Source - www.bd24live.com ↗