চট্টগ্রামের বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের ওপর উল্টে যাওয়ার পর আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই দুর্ঘটনার ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালীর চাম্বল এলাকায় মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসটির চালক হঠাৎ জোরে ব্রেক করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। বাসটি সড়কের মাঝখানে পড়ে থাকায় ওই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের এক সদস্য ঢাকা পোস্টকে জানান, একটি সিএনজিচালিত অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে বাসচালক জোরে ব্রেক করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপরই বাসটি সড়কের ওপর উল্টে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত বাসটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে এবিসি সড়কে যান চলাচল বন্ধ

The post বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে এবিসি সড়কে যান চলাচল বন্ধ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗