বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অতীতেও বাংলাদেশে অনেকে গায়ের জোরে ক্ষমতায় থেকেছেন এবং বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। কিন্তু সেসব সিদ্ধান্ত স্থায়ী হয়নি, তারাও ক্ষমতায় থাকতে পারেননি।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ইতিমধ্যে সারা দেশে জোটগত ও দলীয়ভাবে কর্মসূচি দেওয়া হয়েছে। সংসদেও বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়েছে।
তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাঁরা শপথ নিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নের আদেশেও এ বিষয়ে উল্লেখ ছিল। কিন্তু বিএনপির সংসদ সদস্যরা সেই শপথ না নিয়ে গণঅভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছেন বলে তিনি অভিযোগ করেন।
বিএনপি গায়ের জোরে ক্ষমতায়, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ

এনসিপির আহ্বায়ক আরও বলেন, বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে হলে অবশ্যই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদ কার্যকর করতে হবে।
আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি
আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি দলটিকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনের ইতিহাস ভুলে গেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতনের ইতিহাস কীভাবে এত সহজে ভুলে যাচ্ছে বিএনপি? আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছেন, একই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।
জামায়াতের সঙ্গে জোট আদর্শিক নয়
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জামায়াতের সঙ্গে তাদের জোট এজেন্ডাভিত্তিক। এটি কোনো আদর্শিক জোট নয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সারা দেশে এককভাবে প্রার্থী দেবে এনসিপি।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতারা।
এর আগে গাইবান্ধায় পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।
Source - www.bd24live.com ↗