জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকায় চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়ার মুখে একটি ডাবগাছে উঠে পড়েন এক যুবক। দীর্ঘ সময় গাছের ওপরে অবস্থান করার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিচে নেমে আসেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে ওই যুবক গাছ থেকে নেমে আসেন।
স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে ওই যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তাকে চুরির চেষ্টা করার অভিযোগে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া দেন। পরিস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর একপর্যায়ে একটি ডাবগাছে উঠে যান তিনি।
গাছের বেশ ওপরে উঠে যাওয়ার পর আর নিচে নামছিলেন না ওই যুবক। বিষয়টি নিয়ে এলাকায় বেশ কিছু সময় ধরে উত্তেজনা তৈরি হয়। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পালাতে গিয়ে ডাবগাছে, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর নামল যুবক

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা শুরু করেন। বিভিন্নভাবে বোঝানোর পাশাপাশি তাকে আশ্বস্ত করা হয়। তবে নিচে নামলে পুলিশ তাকে আটক করবে—এমন আশঙ্কায় তিনি গাছ থেকে নামতে চাইছিলেন না।
দীর্ঘ সময় ধরে চেষ্টা চালানোর পর শেষ পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকে নিজেই গাছ থেকে নিচে নেমে আসেন ওই যুবক।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে যুবকটিকে গাছ থেকে নামানোর চেষ্টা করেন। প্রথমদিকে তিনি কোনোভাবেই নিচে নামতে চাইছিলেন না।
তিনি বলেন, ওই যুবক ভয় পেয়েছিলেন এবং নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে বলে ধারণা করছিলেন। পরে তাকে বিষয়টি বুঝিয়ে শান্ত করা হয়। একপর্যায়ে তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। পরে তাকে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।
Source - www.bd24live.com ↗