Bangladesh · 2026-11-06 18:24:51

বিদায়ী ম্যাচের প্রস্তাবে রোনালদোর ‘না’

বিদায়ী ম্যাচের প্রস্তাবে রোনালদোর ‘না’
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রিস্তিয়ানো রোনালদোকে সম্মান জানাতে বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তবে সেই ম্যাচে খেলতে আগ্রহী নন ৪১ বছর বয়সী এই তারকা। ওয়ান ফুটবলের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

‘এল অবসারভাদোর পর্তুগাল’-এর বরাত দিয়ে ওয়ান ফুটবল জানায়, জাতীয় দলে ফিরে আরেকটি ম্যাচ খেলার ইচ্ছা আপাতত নেই রোনালদোর। ফলে তাঁকে ঘিরে ফেডারেশনের সম্ভাব্য বিদায়ী আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

গতকাল ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন রোনালদো। তাঁর অবসরের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে সাবেক অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার উদ্‌যাপনে বিশেষ অনুষ্ঠানের আয়োজনের কথা জানানো হয়। তবে বিদায়ী ম্যাচে রোনালদোর অনাগ্রহে সেই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্তুগালের কোচ জর্জে জেসুসের সঙ্গে রোনালদোর ফোনে কথা বলার কথা ছিল। এ আলোচনায় মধ্যস্থতা করার কথা ছিল এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কার। কিন্তু শেষ পর্যন্ত সেই কথোপকথন আর হয়নি। বর্তমান পরিস্থিতিতে কোচের সঙ্গে যোগাযোগ রাখতেও রাজি নন রোনালদো।

গত সেপ্টেম্বর থেকেই রোনালদো ও জেসুসের সম্পর্কের টানাপোড়েন চলছে। খেলার সময় নিয়ে মতবিরোধের জেরে সে সময় জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন রোনালদো। যদিও এর আগে তাঁকে দলে ফেরানোর আগ্রহ দেখিয়েছিলেন কোচ জেসুস। তাঁর মতে, আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি কীভাবে টানবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রোনালদোরই।

জেসুসের পরিকল্পনা ছিল ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের আসন্ন নেশনস লিগের স্কোয়াডেও রোনালদোকে রাখার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার আগেই নিজের সিদ্ধান্তের কথা ফেডারেশন সভাপতি প্রোয়েঙ্কাকে জানিয়ে দিয়েছিলেন এই তারকা।

বিদায়ী ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার উদ্‌যাপনে নিজেদের অবস্থানে অনড় পর্তুগিজ ফেডারেশন। আনুষ্ঠানিক বিবৃতিতে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের অবদান এবং পর্তুগালের তরুণ প্রজন্মের ওপর তাঁর প্রভাবের কথা তুলে ধরা হয়েছে।

তবে সম্মাননা অনুষ্ঠানের দিনক্ষণ কিংবা ভেন্যু এখনো চূড়ান্ত করেনি ফেডারেশন। মাঠে না নেমেও ওই আয়োজনে রোনালদো অংশ নেবেন কি না, সেটিও স্পষ্ট নয়।

জাতীয় দলের হয়ে রেকর্ড ২৩৪ ম্যাচ খেলে ১৪৬ গোল করেছেন রোনালদো। তাঁর নেতৃত্বে ২০১৬ সালে ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল।

সূত্র: ওয়ান ফুটবল

Source - www.bd24live.com ↗