বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। তাঁর জাপানি ভাষায় লেখা মূল পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম সঠিকভাবে উল্লেখ থাকলেও ইংরেজি অনুবাদে দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের কাছে এ বিষয়ে নিজের অসন্তোষের কথা জানান আকাজাওয়া। তিনি বলেন, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ত্রুটির কারণেই এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। অথচ তাঁর মূল জাপানি পোস্টে কোনো ভুল ছিল না।
গত ২৮ অক্টোবর জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন রিওসেই আকাজাওয়া। ওই বৈঠকের ছবি সংযুক্ত করে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় একটি পোস্ট দেন তিনি। কিন্তু পোস্টটির স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে তারেক রহমানের পরিবর্তে শেখ হাসিনার নাম উঠে আসে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিসরেও বিভ্রান্তি তৈরি হয়।
তারেক রহমানের নাম লিখেও এক্সের অনুবাদে শেখ হাসিনা, বিব্রত জাপানি মন্ত্রী

মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে আকাজাওয়া জানান, এ ধরনের ভুল এবারই প্রথম নয়। এর আগেও কুয়েতের এক মন্ত্রীর সঙ্গে অনলাইন বৈঠকের বিষয়ে দেওয়া তাঁর পোস্টে একই ধরনের অনুবাদজনিত সমস্যা দেখা দিয়েছিল।
তিনি বলেন, বিষয়টি বেশ গুরুতর। এমন ভুলের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নামই জানেন না।
আকাজাওয়া জানান, এ নিয়ে মোট তিনবার একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। তাই এক্স কর্তৃপক্ষের কাছে স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়েছেন।
এদিকে, জাপানি ভাষায় লেখা মূল পোস্টটি গুগল ট্রান্সলেট, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের মাধ্যমে অনুবাদ করেও তারেক রহমানের নাম সঠিক পাওয়া গেছে। এতে এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
Source - www.bd24live.com ↗