Bangladesh · 2026-11-06 20:06:45

রাজধানীতে আবারও বাসে আগুন, ঘটনাস্থলে পুলিশ-ফায়ার সার্ভিস

রাজধানীতে আবারও বাসে আগুন, ঘটনাস্থলে পুলিশ-ফায়ার সার্ভিস
রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

জানা গেছে, সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর দুর্বৃত্তরা এতে আগুন দেয়। তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবহন কোম্পানির কর্মকর্তারাও এ বিষয়ে কিছু জানাতে পারেননি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।

তবে বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Source - www.bd24live.com ↗