Bangladesh · 2026-11-06 19:51:30

তুরস্কের সাবেক মন্ত্রী ও ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেত্রী গ্রেপ্তার

তুরস্কের সাবেক মন্ত্রী ও ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেত্রী গ্রেপ্তার
কয়েক শ কোটি ডলারের বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তে তুরস্কের সাবেক পরিবারবিষয়ক মন্ত্রী ও ক্ষমতাসীন দলের সাবেক জ্যেষ্ঠ নেত্রী ফাতমা বেতুল সায়ান কায়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

শুক্রবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুঁজিবাজার আইন লঙ্ঘন এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে গঠিত সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে ইস্তাম্বুলের একটি আদালত কায়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফাতমা বেতুল সায়ান কায়া ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তুরস্কের পরিবারবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বিনিয়োগ তহবিল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠার পর গত ২৬ সেপ্টেম্বর তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ান। প্রধান বিরোধী দল ইয়েনি পার্টির এক আইনপ্রণেতার অভিযোগ, কায়া ও তাঁর স্বামী বিনিয়োগসংক্রান্ত কয়েকটি শেয়ার কেনাবেচা করে লাখ লাখ ডলার আয় করেছেন। কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে আসার আগেই তাঁরা ওই শেয়ার বিক্রি করে দেন বলে অভিযোগ করা হয়। এ নিয়ে শেয়ারবাজারে গোপন তথ্য ব্যবহার করে লেনদেন বা ইনসাইডার ট্রেডিংয়ের সন্দেহ তৈরি হয়।

অভিযোগ সামনে আসার পর কায়া ক্ষমতাসীন দলের পদ থেকেও পদত্যাগ করেন।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিনিয়োগ তহবিলসংক্রান্ত এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। এতে প্রায় পাঁচ লাখ বিনিয়োগকারীর সঞ্চয় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। শেয়ারবাজারে ব্যাপক কারসাজি হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন দেশটির সরকারি কৌঁসুলিরা।

গত মঙ্গলবার তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, এই ঘটনায় তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে এখন পর্যন্ত ১১২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Source - www.bd24live.com ↗