Bangladesh · 2026-11-06 19:49:30

স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বৈরাচারী আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা হত্যাকাণ্ড, গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িত থেকেও নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়নি কিংবা অনুশোচনা প্রকাশ করেনি, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গুম ও হত্যাকাণ্ডের মতো অপরাধ ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। শাপলা চত্বরে আলেমদের হত্যা এবং মসজিদে রক্তপাতের ঘটনাও ঘটিয়েছে দলটি। এ ধরনের কর্মকাণ্ডের পর আওয়ামী লীগকে আর দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক ও অন্যান্য বিষয়ে মতপার্থক্য কিংবা বিভাজন থাকতে পারে। তবে ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হতে না দেওয়ার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, একটি গোষ্ঠী আন্দোলনের পরিস্থিতিকে কাজে লাগিয়ে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি করতে চায়।

ইসলামের কথা বলে রাজনীতি করলেও ওই গোষ্ঠী শরিয়াহ আইন প্রতিষ্ঠার পক্ষে নয় বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে ইসলামী আদর্শ ও শরিয়াহভিত্তিক মূল্যবোধের সামঞ্জস্য নেই। বিএনপির অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আওয়ামী লীগের আমলে সংবিধান থেকে বাদ পড়া ইসলামী মূল্যবোধের বিষয়গুলো পুনরায় অন্তর্ভুক্ত করা হবে।

সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং ‘বিসমিল্লাহ’ও পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

The post স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗