হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি ট্যাংকারে আগুন লেগেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ দাবি করেছে।
আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। এর এক দিন আগে হরমুজ প্রণালিতে আরও পাঁচটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছিল তেহরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অনুমোদন ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দুটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি ছিল হরমুজ প্রণালির পূর্বদিকে এবং অন্যটি প্রণালির ভেতরে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘নিয়ম লঙ্ঘনকারী ওই দুটি তেলবাহী ট্যাংকার তাদের নৌ-চলাচল ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় তারা হরমুজ প্রণালি থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় মাইনের সঙ্গে সংঘর্ষের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো চলাচল বন্ধ করতে বাধ্য হয়।’
হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি ট্যাংকারে আগুন

এর আগে বৃহস্পতিবার ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালিতে পাঁচটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে একই ধরনের ঘটনায় আগুন লেগেছে।
তবে এসব ঘটনার কোনোটি নিয়েই এখন পর্যন্ত সামুদ্রিক নিরাপত্তা বা নৌ-চলাচল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
The post হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি ট্যাংকারে আগুন appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗