শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে গাজীরখামার এলাকায় কয়েকজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আকস্মিকভাবে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শেরপুর সদর থানার নিয়মিত টহল পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই করে তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মী বলে শনাক্ত করা হয়।
শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল জোরদার রয়েছে। টহল চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের আটক করে থানায় নেওয়া হয়। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
Source - www.bd24live.com ↗