Bangladesh · 2026-11-06 23:26:07

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলার

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলার
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানির চেয়ে আমদানির ব্যয় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলারে দাড়িয়েছে। এ সময় আমদানিতে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে পেট্রোলিয়াম পণ্যে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে বেড়েছে ১০৫ শতাংশ। সব মিলিয়ে চলতি হিসাব ও সামগ্রিক বৈদেশিক লেনদেনেও বড় ঘাটতি তৈরি হয়েছে।

বাংলাদেশের রপ্তানির চেয়ে আমদানিতে ব্যয় সাধারণত বেশি হয়। এর মধ্যে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, পেট্রোলিয়ামসহ বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যয় বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার কারণে পণ্য আমদানিতে বেশি ডলার খরচ করতে হচ্ছে।

অর্থনীতিবিদ এম এস সিদ্দিকী বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে জ্বালানি তেল ও এলএনজির দাম বৃদ্ধির পাশাপাশি বেড়েছে জাহাজভাড়া ও পরিবহন ব্যয়।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শুধুমাত্র পেট্রোলিয়াম পণ্য আমদানিতেই ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ। ভোগ্যপণ্য আমদানিতেও ব্যয় বেড়েছে ১৪০ কোটি ডলার। এরমধ্যে ভোজ্যতেলে ৫৪ শতাংশ এবং গমে ৬৬ শতাংশ।

অন্যদিকে রপ্তানি আয় বাড়লেও আমদানি ব্যয়ের তুলনায় তা কম হওয়ায় বেড়েছে বাণিজ্য ঘাটতি। অর্থবছরের প্রথম তিন মাসে এ ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৭৬ কোটি ডলার বেশি। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ার পাশাপাশি চলতি হিসাব ও সামগ্রিক লেনদেনের ভারসাম্যেও ঘাটতি তৈরি হয়েছে।

সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের বৈদেশিক বাণিজ্যে আমদানি ব্যয়ের চাপ দ্রুত বাড়ছে। রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি পেলেও বাণিজ্য ঘাটতি, চলতি হিসাবের ঘাটতি এবং সামগ্রিক লেনদেন ভারসাম্যের অবনতি অর্থনীতির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

The post চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗