Bangladesh · 2026-11-06 23:21:02

রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন

রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তরুণী (১৯) পুলিশের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে এসব তথ্য গোপন রেখে এখন তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে দুই দফা রিমান্ড শেষে শুক্রবার ওই তরুণীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দ্বিতীয় দফা রিমান্ড শেষে ওই তরুণীকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনানির সময় আসামিপক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই তরুণী ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো তদন্তের স্বার্থে অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তিনি একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন।
আবেদনে আরও বলা হয়, এ মামলার আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপও বর্তমানে রিমান্ডে রয়েছেন। দীপ ও ওই তরুণীর বক্তব্যের মিল-অমিল খতিয়ে দেখতে দুজনের বক্তব্য মেলানো (ক্রসচেক) প্রয়োজন। এ ছাড়া নিহত তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনায় ওই তরুণীর সঙ্গে একাধিকবার কথা বলার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তেও হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ মিলছে। মামলার রহস্য উদ্‌ঘাটনে পরবর্তী সময়ে তাঁকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
ওই রাতে যা ঘটেছিল দীপের বয়ানে আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তাগত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পুলিশ। এরপর ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম।
মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদের জন্য আটক তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়। আর ৩১ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় ওই তরুণীকে। তাঁদের মধ্যে ওই তরুণীকে দুই দফায় রিমান্ড শেষে আজ কারাগারে পাঠানো হলো। আর অপর আসামি দীপকে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত।

Source - www.prothomalo.com ↗