কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বাৎসরিক শিক্ষা সফরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাদরাসার এক সহকারী অধ্যাপক ও স্থানীয় একটি পত্রিকার ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালকসহ অন্তত ৩০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কেরানীহাটের নবনির্মিত রেলক্রসিং সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক সোহানা আফরোজ(৪৫) এবং অধ্যাপক নাদিরা আফরোজ মেঘলার স্বামী দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার মো. ইসরাফিল আলম(৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম ও আইসিটি বিভাগের শিক্ষক মো. জাকির হোসেন।
মাদরাসা সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা থেকে বাৎসরিক শিক্ষা সফরের উদ্দেশ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা দুটি বাসে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাস দুটি বুড়িচং সদর থেকে ছেড়ে যায়। শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে কেরানীহাটের নবনির্মিত রেলক্রসিং সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন বাসচালকসহ অন্তত ৩০ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বাসটি কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে কেরানীহাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা হতাহত হন।
কুমিল্লায় মাদরাসা শিক্ষা সফরের বাস খাদে; শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্ধারকাজে অংশ নেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন মাদরাসার অধ্যাপক নাদিরা আফরোজ মেঘলা, শিক্ষক মাওলানা তাজুল ইসলাম ভূঁইয়া ও তাঁর স্ত্রী-সন্তান, আইসিটি বিভাগের শিক্ষক মো. জাকির হোসেন, তাঁর স্ত্রী ও মেয়ে সামিয়া আক্তার নিহা, শিক্ষক আতিকুর রহমান, অধ্যাপক রাসেল, অফিস সহকারী আলাউদ্দিন, তাঁর স্ত্রী সুইটি আক্তার ও মেয়ে, দপ্তরি শাহজালাল, আয়া সেলিনা আক্তার, শিক্ষক রুনা লায়লা ও তাঁর স্বামীসহ ৩০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী।এ ঘটনায় বুড়িচংয়ের বাকশীমূল এলাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছে এবং নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
Source - www.bd24live.com ↗