বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’খ্যাত অমিতাভ বচ্চনও একসময় কলেজছাত্রীদের ইভটিজিংয়ের শিকার হয়েছিলেন। সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর একটি বিশেষ পর্বে নিজের জীবনের এমনই এক অজানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বলিউডের এই শাহেনশাহ। ওই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
অনুষ্ঠানে পুরোনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অমিতাভ জানান, কলেজছাত্রীদের কাছ থেকে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, রাস্তায় নারীরা ইভটিজিংয়ের শিকার হলে তাঁদের কেমন অনুভূতি হয়।
কেবিসির মঞ্চে বেশ গম্ভীর ভঙ্গিতে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে অমিতাভ বলেন, ‘আমি আপনাদের একটি গুরুতর বিষয় বলতে চাই। প্রথমবার যেদিন আমরা মিরান্ডা হাউসে প্রবেশ করেছিলাম, সেদিন হোস্টেলের বারান্দায় বসে থাকা সব মেয়েরা একসঙ্গে বলে উঠেছিল, “আয়ে হায়ে কী চলন!”’
ছাত্রীদের কাছে ইভটিজিং-এর শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

তিনি আরও বলেন, ‘ঠিক তখনই বুঝতে পেরেছিলাম, কোনো নারী যখন এ ধরনের ইভটিজিংয়ের শিকার হন, তখন তাঁর মনের ভেতর কী ঘটে। কারণ, নিজের সঙ্গে এমন কিছু না ঘটলে অন্যের অনুভূতি পুরোপুরি উপলব্ধি করা কঠিন। মিরান্ডা হাউসে প্রবেশের পর এমন মন্তব্য শুনে আমি বুঝতেই পারছিলাম না কী করব।’
অমিতাভের কথা শুনে মাধুরী দীক্ষিত হেসে জানতে চান, এরপর তাঁরা কী করেছিলেন?
জবাবে নিজের স্বভাবসুলভ রসিকতায় অমিতাভ বলেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’
অনুষ্ঠানে অমিতাভের এই মজার স্মৃতিচারণ উপস্থিত দর্শকদের মধ্যে হাসির আবহ তৈরি করে। একই সঙ্গে ইভটিজিংয়ের শিকার নারীদের অনুভূতি উপলব্ধি করার বিষয়ে তাঁর বক্তব্যও আলোচনায় আসে।
Source - www.bd24live.com ↗