জামালপুরের সরিষাবাড়ীতে মিসকেস মোকদ্দমায় হেরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে আদালতে দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক জমির মালিকানা, দখল ও নামজারিসংক্রান্ত বিরোধের জেরে এ মামলা করা হয়।
মামলার আরজি ও সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে রেহান আলীর কাছ থেকে জয়নগর মৌজার ৫৯৮ দাগে ০.১৭ শতক ভূমি একই গ্রামের অক্কর আলী ক্রয় করেন। পরবর্তীতে রেহান আলী একই দাগের প্রায় ০.৪৭৬ শতক ভূমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের কাছেও বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তথ্য গোপন করে ওই ভূমির নামজারি ও জমা খারিজ সম্পন্ন করেন।
মিসকেস মোকদ্দমায় হেরে ইউএনও ও এসি-ল্যান্ডসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

পরবর্তীতে অপর ক্রয়সূত্রের মালিক আবু বক্কর সিদ্দিক নিজের জমির জমা খারিজ করতে গেলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপর তিনি নামজারি ও জমা খারিজ আংশিক সংশোধন ও বাতিলের জন্য আবেদন করেন। গত ২৮ অক্টোবর উভয় পক্ষের শুনানিকালে কাগজপত্র পর্যালোচনা করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাকিমের জমা খারিজ বাতিল করে ৫৯৮ দাগের ভূমি মূল খতিয়ানে ফেরতের আদেশ দেন।
এই আদেশে ক্ষুব্ধ হয়ে আব্দুল হাকিম বাদী হয়ে সরিষাবাড়ীর সিনিয়র সিভিল জজ আদালতে স্বত্ব ঘোষণার একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলায় ব্যক্তিগত পারিবারিক জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের পাশাপাশি সরিষাবাড়ীর ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
Source - www.bd24live.com ↗