Bangladesh · 2026-11-07 13:01:24

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুকন্যা রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী মেয়ে রিফা।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চাপা দেয়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও ট্রাকের চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে শওকত হাসান লিখন নামে আরও একজন মারা যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Source - www.bd24live.com ↗