Bangladesh · 2026-11-07 14:14:12

২০২৭ সালের দুই ঈদে সরকারি ছুটি কত দিনের হবে তা জানা গেল

২০২৭ সালের দুই ঈদে সরকারি ছুটি কত দিনের হবে তা জানা গেল
২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি ভোগ করতে পারবেন তারা।

অর্থাৎ দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিনের ছুটি থাকছে আগামী বছর। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছুটির আগে দুই দিন এবং পরে আরও দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে, ঈদুল আজহার দিনও সাধারণ ছুটি থাকবে। এ উপলক্ষে ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এতে ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি উপভোগের সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। ছুটির তালিকা অনুযায়ী, ২০২৭ সালে ঈদুল ফিতর চাঁদ দেখা সাপেক্ষে ১০ মার্চ (বুধবার) উদযাপিত হতে পারে। আর ঈদুল আজহা হতে পারে ১৭ মে (সোমবার)।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে দুই ঈদের তারিখে পরিবর্তন আসতে পারে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন নির্ধারণ করা হয়েছে। তবে ঘোষিত ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোট দুই দিন ছুটি রাখা হয়েছে।

এর মধ্যে বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

The post ২০২৭ সালের দুই ঈদে সরকারি ছুটি কত দিনের হবে তা জানা গেল appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗