Bangladesh · 2026-11-07 15:06:11

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষ্যে জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

​শনিবার (৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভাঙা ব্রিজ এলাকা থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের শাপলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি ও ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে শোভাযাত্রাটি পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়।

​পরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় পৌর টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা স্বাধীন বাংলাদেশ গঠনে এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য ও ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন অতিথিরা।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই চৌধুরী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু এবং মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকুসহ জেলা বিএনপি ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নেতৃবৃন্দ।

Source - www.bd24live.com ↗