সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় গেদা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত গেদা মিয়া লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় সালিশি ব্যক্তি। আহতদের মধ্যে আনছার আলী, কাহির মিয়া, বশির মিয়া, তাহমিম আহমদ মুরাদ ও রবিনের নাম জানা গেছে। আহত ব্যক্তিরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গেদা মিয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নৌকার সাবেক চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান আতিকের চাচাতো ভাই।
অন্যদিকে হামলাকারীরা স্থানীয় সংসদ সদস্যের বলয়ের অনুসারী হিসেবে পরিচিত। মসজিদ ও স্থানীয় বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিন ও ইলিয়াসের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে গেদা মিয়া ও বাবুলের বাড়িতে হামলা চালায়। এ সময় গেদার ছেলে কামালের বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
সিলেটে প্রতিপক্ষের হামলায় গেদা মিয়া নিহত, আহত ১০

হামলায় বাধা দিতে গেলে গেদা মিয়ার ওপর আক্রমণ করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শরীরে ১৫ থেকে ২০টি আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ সময় গেদা মিয়াকে রক্ষা করতে এগিয়ে গেলে স্থানীয় কয়েকজন বাসিন্দার ওপরও হামলা চালানো হয়। পরে হামলাকারীরা বাবুলের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে মারধর করে। এ ছাড়া রবিন মোটরসাইকেলে করে নিজের বাড়ি নিশ্চিন্তপুরে যাওয়ার পথে সড়কে তাকে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান জানান, হামলার খবর পেয়ে তিনি দ্রুত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
The post সিলেটে প্রতিপক্ষের হামলায় গেদা মিয়া নিহত, আহত ১০ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗