মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে জনপ্রিয় করার প্রত্যয়ে মানিকগঞ্জের ঘিওরে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি নকআউট হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঘিওর ডিএন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বানিয়াজুরী ও বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনাইয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের জামাতা ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন। খেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি টুর্নামেন্ট পরিচালনার জন্য আয়োজক কমিটির হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে একটি মহিষ। আর রানার্সআপ দল পাবে একটি ষাঁড়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ঘিওর উপজেলা শাখার উদ্যোগে এ নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ঘিওরে শহীদ জিয়া স্মৃতি নকআউট হা-ডু-ডু টুর্নামেন্ট শুরু, চ্যাম্পিয়ন পুরস্কার মহিষ ও রানার্সআপ ষাঁড়
আয়োজক কমিটির আহ্বায়ক ও ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব মো. শওকত আলী খান, অর্থ কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান খান কুদরত, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মো. হাবিব ইব্রাহীম খান সাগর, মঞ্চ কমিটির আহ্বায়ক সবুজ বেপারীসহ কমিটির সদস্যরা। আয়োজকদের ভাষ্য, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে পরিচিত ও জনপ্রিয় করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
The post ঘিওরে শহীদ জিয়া স্মৃতি নকআউট হা-ডু-ডু টুর্নামেন্ট শুরু, চ্যাম্পিয়ন পুরস্কার মহিষ ও রানার্সআপ ষাঁড় appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗